সৌদি আরবের সিএইচ-৪ নজরদারি বিমান ভূপাতিতের দাবি হুথিদের
ইয়াহিয়া সারে আরও দাবি করেন, উত্তেজনা শুরুর পর এ ধরনের পাঁচটি এয়ারক্রাফট ভূপাতিত করেছে তারা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, সিএইচ-৪ মডেলের এয়ারক্রাফটটি আল-জাওয়াফের আকাশে ভূপাতিত করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে এ দাবি করেন।
তিনি লেখেন, ‘মহান আল্লাহর সহায়তায় আমাদের সশস্ত্র বাহিনী একটি সিএইচ-৪ এয়ারক্রাফট ভূপাতিত করেছে। এ সময় এটি আল-জাওয়াফে শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল। এটি ভূপাতিত করতে উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে।’
ইয়াহিয়া সারে আরও দাবি করেন, উত্তেজনা শুরুর পর এ ধরনের পাঁচটি এয়ারক্রাফট ভূপাতিত করেছে তারা। এসব এয়ারক্রাফট দিয়ে নজরদারির পাশাপাশি হামলাও চালানো যায়।
এর আগে রোববার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ একাধিক ড্রোন নিক্ষেপ করে হুথিরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার হামলা-পাল্টা হামলা শুরু হয়। হুথিদের কাছ থেকে দখল করা অঞ্চল পুনরুদ্ধারে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে অভিযান শুরু করে। এরপর থেকে লড়াইয়ের তীব্রতা বাড়ে।
ইয়েমেনের সরকার গতকাল জানিয়েছে, হুথিদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে সাতশ হামলা চালানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
-6af5cff116675.jpg)