হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা, নিহত ২৫ নাবিক
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম
ছবি: সংগৃহীত
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় গুরুত্বপূর্ণ এই নৌপথে পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে আগুন, নৌ-মাইনের আঘাত এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার সংখ্যা ১৩০ ছাড়িয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন। খবর রয়টার্সের।
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে আগুন লাগার খবর দিয়েছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, কয়েকটি ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজের মধ্যে একটি সুপার ট্যাংকারও রয়েছে।
ইরানের দাবি, একাধিক জাহাজে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিরাপদ নৌপথের বাইরে চলাচল এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির হিসাব অনুযায়ী, অক্টোবরে হরমুজ প্রণালিতে ৩৭টি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজে হামলা হয়েছে। সংঘাত শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) হিসাবে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।