EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কিউবা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, সামরিক অভিযানও বিবেচনায়

বিশ্লেষকেরা মনে করেন, সামরিক অভিযানের চেয়ে কিউবার ওপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাই বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

কিউবা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, সামরিক অভিযানও বিবেচনায়

সাক্ষাৎকারে কিউবা নিয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন ট্রাম্প। ছবি: রয়টার্স

অ অ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৯ সালে দায়িত্ব ছাড়ার আগেই কিউবা নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে চান বলে জানিয়েছেন। কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটির কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে স্বল্পমেয়াদি সামরিক অভিযানের বিষয়টি ‘নিশ্চিতভাবেই বিবেচনা করবেন’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প জানান, তাঁর প্রশাসন কিউবার রাজধানী হাভানার পরিস্থিতি ‘খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমার কথা জানালেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যাঁর মা-বাবা কিউবা বংশোদ্ভূত, এ বিষয়ে পদক্ষেপ নিতে ‘খুবই আগ্রহী’ হবেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এমন বক্তব্যের মধ্যেই কিউবার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এতে দেশটিতে জ্বালানি ও খাদ্যসংকট গভীর হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ও দেখা দিয়েছে। ওয়াশিংটনে কিউবার দূতাবাস জানায়, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবরোধে দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ৮০০ কোটি ডলার।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কিউবার তেলবাহী ট্যাংকার ও শিপিং কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়। কিউবার নৌপরিবহন খাতে ব্যবসা করা যেকোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় কিউবার দূতাবাস বলেছে, ‘এই অবরোধ কোনো সরকারের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নয়। এটি সম্মিলিত শাস্তি।’

এর আগে ট্রাম্প হাভানায় ‘বন্ধুত্বপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ সম্ভাবনার কথা বলেছিলেন। কিউবা ‘দখলে নেওয়ার’ সম্মান তাঁর ভাগ্যে জুটতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি। গত মে মাসে কিউবার জ্বালানিমন্ত্রী জানান, প্রায় এক কোটি মানুষের দেশটিতে জ্বালানি তেল ও ডিজেলের মজুত শেষ হয়ে গেছে।

বিশ্লেষকেরা মনে করেন, সামরিক অভিযানের চেয়ে কিউবার ওপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন