EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতের আসামে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩

কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে আহত সাতজন, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

ভারতের আসামে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩

ছবি: দ্য হিন্দু

অ অ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে কনটেইনার ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) গোলাঘাট জেলার কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা রয়টার্সকে জানান, ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সড়ক-৭১৫-এর রঙাজান এলাকায় হাতিখুলি চা-বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এক কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, মিনিবাসটি অত্যন্ত বেশি গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোয় সংঘর্ষ হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা।

আসামের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাঘাট জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার কারণ, কোনো যানবাহন ট্রাফিক আইন ভেঙেছিল কি না এবং ধারণক্ষমতার বেশি যাত্রী বা নির্ধারিত গতিসীমা অতিক্রমের বিষয়টি তদন্ত করা হবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্সে গভীর শোক প্রকাশ করে জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন