তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত
তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দেশটির মালাতিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘হেলিকপ্টারে থাকা আমাদের চার বীর সহযোদ্ধা শহীদ হয়েছেন।’
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ ঘটনায় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়।