EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা চান না ট্রাম্প, আলোচনা থেকে বাদ ভ্যান্স

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

ইরানের সঙ্গে সমঝোতা চান না ট্রাম্প, আলোচনা থেকে বাদ ভ্যান্স

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় আর আগ্রহী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে সমঝোতার উদ্যোগে যুক্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আলোচনা প্রক্রিয়া থেকে সরিয়ে অভ্যন্তরীণ অপরাধ ও দুর্নীতি দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন ভ্যান্স। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে শান্তি আলোচনার পথ তৈরি করতে উদ্যোগী হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র।

ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিনগুলো অনেক আগেই পার হয়ে গেছে। তাদের অর্থ, শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে এবং তাদের প্রণালিও (হরমুজ) আমাদের দখলে।’

ট্রাম্পের এ বক্তব্য চলতি সপ্তাহের শুরুর দিকে দেওয়া তাঁর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে এবং আলোচনা চলছে।

এদিকে আন্তর্জাতিক কূটনীতি থেকে সরিয়ে ভ্যান্সকে অভ্যন্তরীণ ইস্যুতে মনোযোগ দেওয়ার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে দুর্নীতি ও অপরাধ মোকাবিলায় কাজ করতে বলেছেন তাঁকে। ট্রাম্প লিখেছেন, এসব এলাকায় চলমান ব্যাপক দুর্নীতি ও অপরাধের দিকে ভাইস প্রেসিডেন্টকে পূর্ণ মনোযোগ দিতে অনুরোধ করেছেন তিনি।


গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ভ্যান্স ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় সক্রিয় হন। একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়েও প্রকাশ্যে মতামত দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্স লিখেছিলেন, যুদ্ধই তাঁদের নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে রিপাবলিকান পার্টির সংশ্লিষ্টতাকেও নির্বাচনে দলের খারাপ ফলের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

এর আগে তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের এক সংবাদ সম্মেলনের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছিল, কাতারে ভ্যান্স ও ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের মধ্যে বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো বৈঠকের সূচি নির্ধারণের বিষয়টি অস্বীকার করেছিল, তবে পর্দার আড়ালে ওয়াশিংটন এ বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ভ্যান্স নিজেই উদ্যোগ নিয়ে রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের অনুমোদন নিয়েই এই যোগাযোগ করা হয়েছিল। তবে ভ্যান্সকে আলোচনার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হোয়াইট হাউসের উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না। ওয়াশিংটনের ধারণা, হরমুজ প্রণালিতে দেশটি এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্পের আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্তে আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নীতির অনিশ্চয়তার প্রভাবে ওই অঞ্চলের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ প্রসঙ্গে বলেন, দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকা উচিত। এমন পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সমাধান কিংবা স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা নিশ্চিত ধরে নেওয়া যায় না।

এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রও তেহরানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। ইরাকের সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্র-সমর্থিত জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির প্রধান বাফেল তালাবানি বলেন, ওয়াশিংটনের উচিত তেহরানের সঙ্গে আলোচনা করা।

তিনি বলেন, ইরানের সঙ্গে কথা বলতে তাঁদের কোনো অসুবিধা নেই। ট্রাম্পের মিত্র এবং একই সঙ্গে ইরানেরও মিত্র হিসেবে তিনি মনে করেন, শক্তিশালী যুক্তরাষ্ট্রের পক্ষে তেহরানের সঙ্গে আলোচনা করা সম্ভব।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন