হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনায় বন্দুকধারীসহ নিহত ২
বন্দুকধারী প্রথমে একটি জিমের ভেতরে গুলি চালান। এতে একজন গুলিবিদ্ধ হন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: বিবিসি নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের লোগান সার্কেল এলাকায় এ ঘটনা ঘটে।
ডিসি পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বন্দুকধারী প্রথমে একটি জিমের ভেতরে গুলি চালান। এতে একজন গুলিবিদ্ধ হন। এরপর বাইরে বেরিয়ে আরও কয়েক দফা গুলি চালান তিনি। এ সময় একটি পার্কিং গ্যারেজের লিফটেও একজনকে গুলি করেন। পরে কাছের একটি ভবনের সপ্তম তলায় গিয়ে অবস্থান নেন তিনি।
ঘটনার সময় জিমের ভেতরে প্রায় ৫০ জন ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান। তিনি বলেন, গুলিতে একজনের গলায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথমে জিমের ভেতরে দুটি গুলির শব্দ শুনতে পান তিনি। এরপর বাইরে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনেন।
আরেক প্রত্যক্ষদর্শী রায়ান দুবিকি জানান, তিনি পাঁচটি বিকট শব্দ শুনেছেন।
ঘটনাস্থলে তদন্তে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওয়াশিংটন কার্যালয় ও অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক সংস্থা এটিএফের সদস্যরা।