চীনের সঙ্গে শান্তিপূর্ণভাবে একত্র হবে তাইওয়ান: শি জিন পিং
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
ইতিহাসের স্রোত থামানো যাবে না বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। চীনের সঙ্গে তাইওয়ান একত্র হবেই বলে দুই দেশের শান্তিপূর্ণভাবে পুনরায় একত্রীকরণের আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্টের শি’র বক্তব্যে বলপ্রয়োগের কথা উল্লেখ না করলেও তাইপের পক্ষ থেকে তাঁর এই আহ্বান জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বিপ্লবী বীর সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে শি জিন পিং ভাষণ দেন।
তিনি বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির একটি ‘অটল ঐতিহাসিক লক্ষ্য’ এবং মাতৃভূমির সম্পূর্ণ পুনরেকত্রীকরণ নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে। বেইজিংয়ের অবস্থান অনুযায়ী ‘এক চীন নীতি’ সমুন্নত রেখে এবং ‘এক দেশ, দুই নীতি’র আদর্শে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতে চীন প্রস্তুত।
একইসঙ্গে তাইওয়ানের স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তবে তাইওয়ানের কর্তৃপক্ষ শি জিন পিংয়ের এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে।
তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, তাইওয়ান কর্তৃপক্ষ কিংবা জনগণ কেউই ‘এক দেশ, দুই নীতি’ মেনে নেবে না, কারণ এর অর্থ কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের কাছে আত্মসমর্পণ করা।
তাইওয়ানের নেতা লাই চিং-তে স্পষ্ট জানিয়েছেন, একমাত্র তাইওয়ানের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এদিকে শি চিন পিং শান্তিপূর্ণ সমাধানের কথা বললেও দ্বীপটির চারপাশে চীনের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীনা যুদ্ধজাহাজের পাশাপাশি জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনসহ ২৯টি চীনা সামরিক বিমানকে তাইওয়ানের চারপাশে ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ দিতে শনাক্ত করা হয়েছে।
শেনজেনে আসন্ন অ্যাপেক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং তাইওয়ানের স্থানীয় নির্বাচনের ঠিক আগে বেইজিংয়ের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।