নিষেধাজ্ঞা-উত্তেজনার মধ্যেও পাকিস্তানে ভারতীয় পণ্য আমদানি বাড়ছে কেন?
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের পর দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। তবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ভারত থেকে দেশটির আমদানি আবার বাড়ছে। বিশেষ করে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর জন্য ভারতের ওপর নির্ভরতা ধরে রেখেছে পাকিস্তান। দাম, সরবরাহের সুবিধা ও ভৌগোলিক নৈকট্য এ ক্ষেত্রে বড় কারণ।
২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি ৬৯ শতাংশ বেশি। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।
এরপর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। জবাবে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। ওয়াগাহ সীমান্ত দিয়ে চলাচল বন্ধের পাশাপাশি দুই দেশের বাণিজ্যও স্থগিত করা হয়।
মে মাসে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়। চার দিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সংঘাতের আগে ২০২৫ সালের এপ্রিলে ভারত থেকে আমদানির বিপরীতে দেশটির ব্যাংকগুলো ২ কোটি ডলার পরিশোধ করেছিল। জুনে তা কমে ৯২ লাখ ডলারে এবং জুলাইয়ে ৮২ লাখ ডলারে নেমে আসে। সেপ্টেম্বরে আবার বেড়ে দাঁড়ায় ১ কোটি ৯৬ লাখ ডলারে।
২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির বিপরীতে পাকিস্তান মোট ২০ কোটি ৩৮ লাখ ডলার পরিশোধ করেছে। আগের অর্থবছরের তুলনায় এ পরিমাণ ৭ দশমিক ৬ শতাংশ কম।
তবে মাসিক গড় হিসাবে আমদানির অর্থ পরিশোধ প্রায় আগের অবস্থায় ফিরেছে। সংঘাতের আগের ১২ মাসে মাসিক গড় পরিশোধ ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৩ মাসে এ গড় ছিল ১ কোটি ৯১ লাখ ডলার।
পাকিস্তান সরকারের পণ্যভিত্তিক বাণিজ্য পরিসংখ্যানে অবশ্য সর্বশেষ প্রান্তিকে ভারত থেকে আমদানির পরিমাণ ৬ কোটি ২৬ লাখ ডলার দেখানো হয়েছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৬ কোটি ৬৬ লাখ ডলার।
পাকিস্তান সরকারের বাণিজ্যবিষয়ক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানি করা পণ্যের ৯৬ দশমিক ২ শতাংশ ছিল জৈব রাসায়নিক ও ওষুধজাত পণ্য। আগের অর্থবছরে এ হার ছিল ৯৩ শতাংশ।
সবচেয়ে বেশি আমদানি হয়েছে টিকা, রক্তজাত পণ্য ও এ ধরনের অন্যান্য পণ্য। এসব পণ্যের আমদানি মূল্য ছিল ৯ কোটি ৩৬ লাখ ডলার। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৭ কোটি ৩ লাখ ডলার।
এর মধ্যে মানুষের ব্যবহারের জন্য টিকা আমদানি বেড়েছে সবচেয়ে বেশি। ২০২৫-২৬ অর্থবছরে এ ধরনের টিকা আমদানিতে ব্যয় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ডলার। আগের অর্থবছরে এ ব্যয় ছিল ১ কোটি ১১ লাখ ডলার।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিবের মতে, দাম ও সরবরাহের সুবিধার কারণে ভারত থেকে এসব পণ্য আমদানি করে পাকিস্তান।
তিনি বলেন, ভারত প্রতিযোগিতামূলক ওষুধশিল্প গড়ে তুলেছে। বিশেষ করে ওষুধ তৈরির অপরিহার্য উপাদান অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসের (এপিআই) ক্ষেত্রে দেশটি এগিয়েছে। তুলনামূলক কম দাম, পণ্যের সহজলভ্যতা ও ভৌগোলিক নৈকট্যের কারণে পাকিস্তানের ওষুধশিল্প দীর্ঘদিন ধরে ভারত থেকে এসব উপাদান সংগ্রহ করে আসছে।
ভারত থেকে পণ্য আমদানিতে পাকিস্তানের নিষেধাজ্ঞা নতুন নয়। ২০১৯ সালের ৯ আগস্ট ভারতশাসিত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিলের কয়েক দিন পর পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে উৎপাদিত বা দেশটি থেকে পাঠানো পণ্য আমদানি নিষিদ্ধ করে।
তবে এক মাসেরও কম সময়ের মধ্যে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করা হয়। পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তানের (ড্র্যাপ) নিয়ন্ত্রণাধীন চিকিৎসাসংক্রান্ত পণ্য আমদানিতে ছাড় দেওয়া হয়।
২০২৫ সালের পেহেলগাম হামলা ও সিন্ধু পানিচুক্তি স্থগিতের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) আবারও বিধিনিষেধ আরোপ করে।
২০২৫ সালের ২৪ এপ্রিল দেওয়া এক বিবৃতিতে কমিটি জানায়, তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাকিস্তান হয়ে ভারত থেকে আসা বা ভারতে যাওয়া পণ্যসহ দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত করা হয়েছে।
তবে পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মতিওয়ালা বলেন, তৃতীয় দেশ হয়ে কিছু ভারতীয় পণ্য এখনো পাকিস্তানে প্রবেশ করছে।
তার ভাষ্য, দুবাই, মালয়েশিয়া ও অন্যান্য দেশ হয়ে ভারতীয় পণ্য পাকিস্তানে আসছে। তবে পণ্যের উৎপত্তির দেশ হিসেবে ভারতকেই উল্লেখ করা হচ্ছে।
অন্যদিকে খাকান নাজিব বলেন, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার মাধ্যমে কিছু পণ্য পাকিস্তানে পৌঁছাতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কোন পথে এবং কী পরিমাণ পণ্য আসছে, তা প্রকাশ্যে জানা যায় না।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্র্যাপের এক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা থাকলেও জাতীয় স্বার্থে প্রয়োজন হলে দেশটি থেকে পণ্য আমদানি করবে পাকিস্তান।
পাকিস্তানের মোট আমদানিতে ভারতের অংশ খুবই কম। এসবিপির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের মোট আমদানি ব্যয় ছিল ৬ হাজার ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ভারতের অংশ ছিল প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। এ সময়ে পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন থেকে আমদানি হয়েছে ১ হাজার ৯৫০ কোটি ডলারের পণ্য।
তবে ওষুধশিল্পে ভারতের গুরুত্ব অনেক বেশি। অর্থনৈতিক জটিলতা পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চার দিনের যুদ্ধের আগে পাকিস্তানের ওষুধ আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল ভারত। এ ক্ষেত্রে বেলজিয়ামের সামান্য পেছনে ছিল দেশটি।
জুবায়ের মতিওয়ালা বলেন, ভারতীয় সরবরাহকারীদের বিকল্প খুঁজতে গেলে পাকিস্তানের কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় অনেক বেড়ে যেতে পারে।
তিনি বলেন, ভারত থেকে কাঁচামাল আমদানি বন্ধ করে অন্য দেশ থেকে আনলে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
খাকান নাজিবের মতে, বিকল্প উৎস থেকে পণ্য আমদানির ব্যয় পণ্যভেদে ভিন্ন হবে। পরিবহন, বিমা, মান যাচাই, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং সময়মতো পণ্য সরবরাহের নিশ্চয়তা—সবকিছুই এ ব্যয়ের ওপর প্রভাব ফেলে।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক ইঙ্গিতও দেখছেন জুবায়ের মতিওয়ালা। তার মতে, সাম্প্রতিক কিছু ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে।
গত ২৯ আগস্ট ভারত ওয়াগাহ-আটারি সীমান্ত দিয়ে ২৫ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠায়। তাদের মধ্যে জেলেরাও ছিলেন।
এ ছাড়া গত সপ্তাহে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ম্যাচের আগে ও পরে দুই দলের ফুটবলাররা পরস্পরের সঙ্গে করমর্দন করেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে এমন সৌজন্য বিনিময় এড়িয়ে চলার প্রবণতা দেখা গেলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। ম্যাচে ভারত ৩-২ গোলে জয়ী হয়।
জুবায়ের মতিওয়ালা বলেন, দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে তার মনে হচ্ছে।
খাকান নাজিবও মনে করেন, অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে দুই দেশই লাভবান হতে পারে। তবে অর্থনৈতিক সম্পর্ককে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।
তার মতে, পরিস্থিতি অনুকূলে থাকলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ধীরে ধীরে বাণিজ্য চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। শুরুতে অর্থনৈতিক ও মানবিক দিক থেকে যেসব খাতে উভয় দেশের স্পষ্ট সুবিধা রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সূত্র: আল জাজিরা
-6af5570032ccb.jpg)