EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইতালির হাজারো স্কুলে বোমা হামলার হুমকি, স্কটল্যান্ডেও ইমেইল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

ইতালির হাজারো স্কুলে বোমা হামলার হুমকি, স্কটল্যান্ডেও ইমেইল

ছবি: সংগৃহীত

অ অ

ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় দেশটির বিভিন্ন এলাকার স্কুল ভবন খালি করা হয়। একই ধরনের হুমকির ইমেইল পেয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলও। এতে ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, দেশটির স্কুলগুলোতে আপাতত বাস্তব কোনো বিপদ বা ঝুঁকি নেই। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তাব্যবস্থা নির্ধারণে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স হুমকিসংবলিত একটি ইমেইলের অনুলিপি পেয়েছে। এতে প্রধানমন্ত্রী মেলোনিকেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। ইমেইল প্রেরক হিসেবে ‘মিখাইল আন্দ্রোপভ’ নাম ব্যবহার করা হয়েছে। নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা বলেও পরিচয় দিয়েছেন তিনি। গত সপ্তাহে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে পাঠানো হুমকির ইমেইলেও একই নাম ব্যবহার করা হয়েছিল। 

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা জানান, প্রাথমিকভাবে অন্তত ৩০০টি স্কুলকে হুমকির আওতায় বলে জানা গিয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে। তাঁর মতে, এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত নয়। গোয়েন্দা সংস্থাগুলো তাদের শনাক্তে কাজ করছে।

তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণে এটি বাস্তব বোমা হামলার হুমকির চেয়ে সাইবার হামলা বা আতঙ্ক ছড়ানোর পরিকল্পিত চেষ্টা বলে মনে হচ্ছে।

এদিকে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলেও বুধবার একই ধরনের হুমকির ইমেইল পাঠানো হয়। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানায়, পুলিশ হুমকিটিকে বিশ্বাসযোগ্য মনে না করায় স্কুলগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ স্কটল্যান্ডও জানিয়েছে, ইমেইলগুলোকে বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে দেখা হচ্ছে না। বার্তার উৎস শনাক্তে পুলিশের সাইবার ও জালিয়াতি ইউনিট কাজ করছে। এ বিষয়ে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। 

এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের স্কুলগুলোতেও একই কায়দায় গণহারে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছিল।

ইউরোপজুড়ে সাইবার হামলার উদ্বেগ

স্কুলে বোমা হামলার হুমকির পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে সাইবার হামলার ঘটনাও বেড়েছে। এসব হামলার কারণে কয়েকটি বাণিজ্যিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। কোনো কোনো বিমানকে অবতরণ করিয়ে যুদ্ধবিমানের পাহারায় রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের কয়েকটি সুপারমার্কেটে হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ফ্রিজের তাপমাত্রা পরিবর্তন করে খাবার নষ্টের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এর আগে অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটেও একই ধরনের সাইবার হামলা হয়। 

ফ্রান্সের ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে প্যারিস। এ ঘটনায় চলতি সপ্তাহে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফরাসি সরকার। তবে তেহরান এ অভিযোগকে ভিত্তিহীন ও শত্রুতাপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের অভিযোগের পর ইতালির স্কুলগুলোতে পাঠানো ভুয়া বোমা হামলার হুমকির পেছনেও ইরানের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোতে অস্থিরতা সৃষ্টিতে রাশিয়া পরিকল্পিত প্রচার ও সাইবার যুদ্ধ চালাচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন