ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ, বাড়ছে মতবিরোধ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের দাবি, গত সপ্তাহের শেষ দিকে দুই নেতার ওই কথোপকথনে ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমটির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথ জানায়, দুই নেতার ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তপ্ত ও সংঘাতপূর্ণ। একজন সূত্র কথোপকথনটিকে ‘নরকসম চিৎকারের ফোনালাপ’ বলে বর্ণনা করেছেন।
তবে নেতানিয়াহুর কার্যালয় এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ‘ভুয়া খবর, সম্পূর্ণ ভিত্তিহীন।’ ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, কথোপকথনটি কঠিন বা উত্তপ্ত ছিল না।
এর আগে সোমবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। তারা নতুন সামরিক অভিযান এড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে সোমবার ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চায় না। সংঘাতের অবসানে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা বেশ কম।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে আবার শুরু করার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তার মতে, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।