নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত
ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই বড় চমক দেখিয়েছে বিরোধী জোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের আমলে পাস হওয়া একগুচ্ছ বিতর্কিত আইন ও সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নিয়েছে জোটটি। সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের দলগুলো এ লক্ষ্যে একাধিক বিল জমা দিয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া বিভিন্ন আইন বাতিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনে এসব বিল জমা দেওয়া হয়।
আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে তারা। এসবের মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির প্রণীত গণমাধ্যম সংস্কার আইন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে ডেমোক্র্যাটস পার্টি।
পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায় হারেদিদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার সময় নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ক্ষমতায় গেলে এ ধরনের কমিশন গঠন বিরোধী জোটের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।
বিরোধী জোটের জমা দেওয়া বিলগুলোর বড় অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া উদ্যোগের আওতায় পাস হওয়া আইন বাতিলের উদ্দেশ্যে আনা হয়েছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের অভিযোগ, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সংস্কারের সমর্থকদের দাবি, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার রোধ করতেই এসব পরিবর্তন প্রয়োজন।
অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। আইনটি কার্যকর হলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।
অন্যদিকে, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে তাঁদের জায়গায় সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের অন্তর্ভুক্ত করার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।
২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই আইনটি পাস করা হয়েছিল।