EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে তারবেলা বাঁধ প্রকল্পে পাথরের ধস

নদীর পানি বাড়ার আশঙ্কায় সতর্কতা জারি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ এএম

পাকিস্তানে তারবেলা বাঁধ প্রকল্পে পাথরের ধস

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তারবেলা বাঁধে পাথরের স্তুপ ধস। ছবি: ডব্লিউআইওএন নিউজ

অ অ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তারবেলা বাঁধের ৫ম সম্প্রসারণ প্রকল্পের (টি-৫) নির্মাণাধীন এলাকায় সোমবার (৯ নভেম্বর) একটি বিশাল পাথরের স্তূপ ধসে পড়েছে। এর ফলে জলাধারের পানি ৫ নম্বর টানেল এবং পাওয়ার হাউস এলাকায় ঢুকে পড়ে। এরপরই সেখানে কর্মরত শ্রমিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা)।

এই ধসের পর প্রকল্প এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রেখে শ্রমিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ওয়াপদার বিবৃতির বরাত দিয়ে ডব্লিউআইওএন নিউজ জানিয়েছে, খননকাজ চলার সময় একটি দুর্বল পাথরের স্তূপ ধসে পড়ায় টি-৫ প্রকল্পের নির্মাণাধীন পাওয়ার হাউস এলাকা এবং একটি টানেলে পানি প্রবেশ করে, যার ফলে দ্রুত শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, ২য় বেঞ্চ সংযোগকারী টানেলের খননকাজের সময় এই ধসের ঘটনা ঘটে, যার ফলে ইনটেক পিট (পানি প্রবেশের গর্ত) থেকে পানি টানেল ও পাওয়ার হাউস এলাকায় ঢুকে পড়ে।

বিবৃতিতে বলা হয়, ‘‘সমস্ত শ্রমিককে তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’’ এতে আরও জানানো হয় যে, ইনটেক পিটের পানি সম্পূর্ণ নিষ্কাশন করা হয়েছে এবং নিম্নাঞ্চলের কর্মক্ষেত্রগুলোতে নতুন করে আর কোনো পানি ঢুকছে না। নির্মাণাধীন পাওয়ার হাউসের পানি অপসারণের কাজও শুরু হয়েছে বলে ওয়াপদা জানিয়েছে।

হরিপুরের ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ টি-৫ প্রকল্পের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন, টানেল, পাওয়ার হাউস এবং কর্মক্ষেত্রের অন্যান্য কাঠামো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা কর্তৃপক্ষ মূল্যায়ন করছে। ওয়াপদার জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী এবং ঠিকাদার যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা করছেন।

কর্তৃপক্ষ টি-৫ টানেল ধসে পড়ার গুঞ্জন নাকচ করে দিয়ে বলেছে, মূল টানেল, নির্মাণাধীন পাওয়ার হাউস, টেইলরেস কালভার্ট এবং সুইচইয়ার্ডের কোনো ক্ষতি হয়নি। শ্রমিকদের মধ্যে কেউ আহত বা নিহত হননি বলেও নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমানে তারবেলার নিম্নাঞ্চলে কোনো বন্যা বা প্লাবনের আশঙ্কা নেই।

এদিকে, সোয়াবির ডেপুটি কমিশনার নাসরুল্লাহ খান জানিয়েছেন, ‘‘অনিবার্য’’ কারণে তারবেলা বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে সিন্ধু নদের পানির প্রবাহ এবং উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সকল নাগরিককে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এবং সিন্ধু নদে গোসল করা, সাঁতার কাটা ও নৌকা চালানো থেকে সম্পূর্ণ বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।’’

ডেপুটি কমিশনার জনগণকে তাদের নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার এবং জননিরাপত্তা সংক্রান্ত নির্দেশনাবলী মেনে চলার আহ্বান জানান। খান আরও যোগ করেন, ‘‘নাগরিকদের কোনো গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য আমাদের অফিশিয়াল পেজ ভিজিট করা উচিত।’’

এর আগে গত জুলাই মাসে, এই ১,৫৩০ মেগাওয়াট টি-৫ প্রকল্পে কফারড্যাম (অস্থায়ী বাঁধ) ধসের জন্য সরকারের গঠিত একটি তদন্ত কমিটি তিন মূল অংশীজন— ঠিকাদার, পরামর্শক এবং নিয়োগকর্তা (ওয়াপদা)-কে দায়ী করেছিল। চুক্তি-পরবর্তী সময়ে অনুমোদনহীন নকশা পরিবর্তনকে সেই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

পূর্বের সেই ধসের কারণে প্রকল্পটি ইতিমধ্যে অন্তত দুই বছর পিছিয়ে গেছে এবং এর নির্মাণ ব্যয় ২৮৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৮২ বিলিয়ন রুপি থেকে ৩১৭ বিলিয়ন রুপিতে ঠেকেছে। সোমবারের এই দুর্ঘটনার আগেই প্রকল্পটির সমাপ্তির সময় ২০২৬ সালের পরিবর্তে ২০২৮ সালের জুন নির্ধারণ করা হয়েছিল।

বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইবি) এর নির্মাণের জন্য যথাক্রমে ৩৯ কোটি (৩৯০ মিলিয়ন) ডলার এবং ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার অর্থায়নে পঞ্চম সম্প্রসারণ প্রকল্পটির উৎপাদন ক্ষমতা ১,৫৩০ মেগাওয়াট।

এটি সম্পন্ন হলে তারবেলা বাঁধের মোট উৎপাদন ক্ষমতা ৪,৮৮৮ মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে ৬,৪১৮ মেগাওয়াটে উন্নীত হবে।

আরও পড়ুন