হেগসেথকে অভিশংসন থেকে বাঁচাতে ট্রাম্প-রুবিওর তৎপরতা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধে বেআইনি সামরিক নির্দেশ কার্যকরের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন রুবিও। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তাঁকে একজন ভালো মন্ত্রী বলে অভিহিত করেছেন তিনি। খবর আলজাজিরার।
অভিশংসনের উদ্যোগের বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিলেন হেগসেথ। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সম্ভাব্য অভিশংসন প্রস্তাবগুলোকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে জানান, প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।
অভিশংসনের প্রস্তাব উত্থাপনকারী বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকেও আক্রমণ করেন হেগসেথ। তাঁকে ‘অসন্তুষ্ট কংগ্রেসম্যান’ আখ্যা দিয়ে হেগসেথ দাবি করেন, রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হতে না পারার হতাশা থেকেই ম্যাসি এমন পদক্ষেপ নিয়েছেন।
অভিশংসনের মুখে হেগসেথ
কেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন।
ম্যাসির অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হেগসেথ জেনেশুনে বেআইনি সামরিক নির্দেশ কার্যকর করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের অনুমোদন না নেওয়া।
এদিকে অভিশংসনের উদ্যোগের মুখে হেগসেথের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ট্রাম্প ও রুবিও। রুবিও এ উদ্যোগকে অন্যায্য বলে অভিহিত করে প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, হেগসেথও পদে বহাল থাকার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
-6af2848cb17d0.jpg)