পাকিস্তানে চার প্রদেশ ভেঙে ১২টি করার প্রস্তাব
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে পাকিস্তানে প্রদেশের সংখ্যা চার থেকে বাড়িয়ে ১২টি করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর মতে, ছোট ছোট প্রদেশ গঠন করা হলে প্রশাসনিক ক্ষমতা ও সম্পদের বিকেন্দ্রীকরণ সহজ হবে।
রোববার (৮ নভেম্বর) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তানে ১২টি প্রদেশ গঠনের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। তবে নতুন প্রদেশ গঠন করতে হবে প্রশাসনিক প্রয়োজনে। ভাষা, জাতিগত পরিচয় বা রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে প্রদেশ গঠন করা উচিত নয়।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ছোট প্রদেশ গঠনের পক্ষে মত দিয়েছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি প্রস্তাবে পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখোয়াকে তিনটি, বেলুচিস্তানকে তিনটি এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করার কথা বলা হয়েছে। এতে দেশটির বর্তমান চার প্রদেশ বেড়ে ১২টি হতে পারে।
এ পরিকল্পনা বাস্তবায়নে দেশজুড়ে গণভোট এবং সংবিধানের ২৮তম সংশোধনীর বিষয়টিও আলোচনায় এসেছে। তবে সরকার এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক রূপরেখা ঘোষণা করেনি। সংবাদমাধ্যমের খবরে ২০২৭ সালে সাংবিধানিক পরিবর্তনের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
ছোট প্রদেশ গঠনের সমর্থকদের মতে, পাকিস্তানের জনসংখ্যা ও শহরের আয়তন বাড়ায় বড় প্রদেশগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে লাহোর, করাচি, পেশোয়ার ও কোয়েটাকে কেন্দ্র করে প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ছোট শহর ও জেলার মানুষ সরকারি সেবা পেতে পিছিয়ে পড়েন।
খাজা আসিফের মতে, ক্ষমতা ও সম্পদের বিকেন্দ্রীকরণ হলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দের বড় অংশ প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণে থাকায় স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
পাকিস্তানের সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান সংশোধনে জাতীয় সংসদের উভয় কক্ষে মোট সদস্যের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদেরও মোট সদস্যের অন্তত দুই-তৃতীয়াংশের অনুমোদন লাগবে।
তাই নতুন প্রদেশ গঠনে কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন হবে। পাশাপাশি নতুন সীমানা নির্ধারণ, সম্পদ বণ্টন, সংসদে প্রতিনিধিত্ব ও প্রশাসনিক ব্যয়ের বিষয়গুলোও সমাধান করতে হবে।
সূত্র: গালফ নিউজ
