তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) হাবাশ আয়রন অ্যান্ড স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইজমির গভর্নরের কার্যালয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানায় তরল ইস্পাত ঢালাইয়ের সময় একটি বড় শিল্প চুল্লির ওপর ওভারহেড ক্রেন ভেঙে পড়ে। এর পরপরই বিস্ফোরণ ঘটে এবং কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁদের কাছে ঘটনাটি শক্তিশালী ভূমিকম্পের মতো মনে হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ইজমিরের মেয়র সেমিল তুগে জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে। ধ্বংসস্তূপ সরানোর পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে তুরস্কের কর্তৃপক্ষ।
