EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নির্বাচনে ভরাডুবির পর অভিবাসন নীতি নিয়ে সুর নরম ট্রাম্পের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

নির্বাচনে ভরাডুবির পর অভিবাসন নীতি নিয়ে সুর নরম ট্রাম্পের

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর অভিবাসন দমন অভিযানকে ‘অতিরিক্ত কঠোর’ বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তবে তাঁর এমন বক্তব্যের পরও অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।

মধ্যবর্তী নির্বাচনের দিন ভোটারদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ইস্যুর মধ্যে অভিবাসন ছিল তৃতীয়। এর আগে ছিল অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা।

টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্তিশালী রাজ্যগুলোতে লাতিনো ভোটারদের একটি অংশ ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়েন। কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এ প্রবণতা ভূমিকা রাখে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যু তাঁর দলের প্রার্থীদের ‘সাহায্যও করেছে, আবার ক্ষতিও করেছে’।

তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বন্ধ করার ক্ষেত্রে নিজের পারফরম্যান্সকে ‘এ প্লাস’ নম্বর দেবেন। একইভাবে অপরাধীদের বহিষ্কারের ক্ষেত্রেও ভালো নম্বর পাওয়ার দাবি করেন তিনি।

তবে ট্রাম্প স্বীকার করেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও যেসব অভিবাসীর ভালো চাকরি ছিল, তাদের বহিষ্কারের বিষয়টি কঠোর হয়ে গেছে। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, এটা খুব কঠিন ছিল।’

এ ছাড়া অভিবাসন ইস্যুতে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এক বছর আগে ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রশাসনের অভিবাসন অভিযান যথেষ্ট কঠোর নয়। ফলে এবারের বক্তব্যকে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে হোয়াইট হাউস ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বক্তব্যে নীতিগত পরিবর্তনের কোনো আভাস পাওয়া যায়নি। হোয়াইট হাউসের এক নারী মুখপাত্র জানিয়েছেন, অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের অভিযান কমানো হবে না।

ডিএইচএসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তাদের অভিযান থেকে পিছিয়ে আসছে না কিংবা এর গতি কমাচ্ছে না।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য অভিবাসন কৌশলে পরিবর্তন আনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, আইন প্রয়োগের কৌশল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। উদাহরণ হিসেবে অবৈধ শ্রমিক নিয়োগকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর বেশি নজর দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তবে শুক্রবার অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। প্রথম ও দ্বিতীয় মেয়াদে তাঁর প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান রূপকার হিসেবে বিবেচনা করা হয় মিলারকে।

এদিকে আইসিই সূত্র সিবিএসকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এ লক্ষ্যমাত্রা ছিল দৈনিক ২ হাজার।

চলতি বছর অভিবাসন আইন প্রয়োগে ব্যাপক অভিযানের প্রতিবাদে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে আইসিইর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই বিক্ষোভকারী রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হন।

তথ্যসূত্র: বিবিসি

আরও পড়ুন