EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

অ অ

আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) সাবেক প্রেসিডেন্ট রাজা মুহাম্মদ জুলকারনাইন খান মারা গেছেন। শনিবার (৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, অল্প সময়ের অসুস্থতার পর তার মৃত্যু হয়েছে। খবর ডনের।

তার মৃত্যুতে রবিবার আজাদ কাশ্মীরে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ সময় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে ভিম্বার জেলার কাসগুমা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

১৯৩৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন রাজা জুলকারনাইন খান। তার বাবা খান বাহাদুর রাজা মুহাম্মদ আফজাল খান ব্রিটিশ আমলের একজন আইসিএস কর্মকর্তা ছিলেন। তিনি মহারাজা হরি সিংয়ের প্রশাসনেও দায়িত্ব পালন করেন।

শ্রীনগর ও দিল্লিতে প্রাথমিক শিক্ষা শেষে মাত্র ১৩ বছর বয়সে লরেন্স কলেজে ভর্তি হন জুলকারনাইন খান। পরে লাহোরের সরকারি কলেজ থেকে ১৯৫৫ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৫৮ সালে করাচিতে ইউনাইটেড বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাকিস্তান, আজাদ কাশ্মীর, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে তার ব্যবসায়িক প্রকল্প ছিল।


ষাটের দশকের শুরুতে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৬০-৬১ সালে আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট কে এইচ খুরশিদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। কে এইচ খুরশিদ ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ব্যক্তিগত সচিব।

পরে বেসিক ডেমোক্রেসি ব্যবস্থার অধীনে কাসগুমা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৬২ সালে জম্মু-কাশ্মীর লিবারেশন লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন তিনি।

১৯৭৫ সালের সংসদ নির্বাচনের আগে পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দেন জুলকারনাইন খান। ওই নির্বাচনে সামাহনি আসন থেকে নির্বাচিত হন। ১৯৮৫ সালে মুসলিম কনফারেন্সের প্রার্থী হিসেবে ভিম্বার আসন থেকে জয়ী হন। এ সময় তিনি সরদার সিকান্দার হায়াতের মন্ত্রিসভায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালের নির্বাচনে পিপিপির প্রার্থী চৌধুরী সোহবত আলীর কাছে পরাজিত হলেও পরের বছর আবার আইনসভায় ফেরেন। এরপর সরদার আবদুল কাইয়ুম খানের মন্ত্রিসভায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আজাদ কাশ্মীর কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

২০০৬ সালের আগস্টে মুসলিম কনফারেন্সের মনোনয়নে আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ২০১১ সালের আগস্ট পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও রাজনীতিতে সক্রিয় ছিলেন জুলকারনাইন খান। ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে চৌধুরী তারিক ফারুকের বিরোধিতা করেন। ২০২১ সালের নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী চৌধুরী আনোয়ারুল হকের প্রতি সমর্থন জানান। তবে পরে তাদের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়।

চলতি বছরের এপ্রিলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) একটি প্রতিনিধিদল তাকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। মে মাসে ভিম্বারে এক জনসভায় তার ছেলে বাবর আলী জুলকারনাইন জানান, তার বাবা পিএমএল-এনে যোগ দেবেন। পরে দলটির সহসভাপতি হন সাবেক এই প্রেসিডেন্ট।

রাজা জুলকারনাইন খানের মৃত্যুতে শোক জানিয়েছেন আজাদ কাশ্মীর আইনসভার স্পিকার চৌধুরী তারিক ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।

আরও পড়ুন