EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৩

ইয়েমেনে নতুন করে সংঘর্ষ শুরুর পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৩

ছবি: সংগৃহীত

অ অ

ইয়েমেনের সানা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ শিশু ও ৮ নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশটিতে নতুন করে সংঘাত শুরুর পর প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে হুথি কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে নতুন করে সংঘর্ষ শুরুর পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, রাজধানী সানার পূর্বে আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩৯ জন।

হুথিদের সংবাদ সংস্থা সাবা শনিবার জানায়, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছিল। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দুটি বিমান হামলা চালানো হয় বলেও দাবি করেছে তারা।

আনিস আল-আসবাহি জানান, প্রাথমিকভাবে পাওয়া প্রায় চূড়ান্ত হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৩ শিশু রয়েছেন। আহতদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ১৩ শিশু।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর আল-মাসিরাহ টেলিভিশনে আল-শারিয়া গ্রামের হামলাস্থলের ভিডিও প্রচার করা হয়েছে। এতে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে, ধ্বংসস্তূপ এবং হাসপাতালে আহত ব্যক্তিদের দেখা যায়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে দেশটিতে লড়াই করছে সৌদি আরব। তবে এ হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার এক বিবৃতিতে জানায়, রিয়াদ প্রদেশ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, সৌদি আরব ও ইয়েমেনে দেশটির সেনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুথিরা।


হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক পোস্টে জানান, ছয়টি অভিযানে সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর স্থাপনা, রিয়াদ বিমানবন্দর এবং সীমান্তের উভয় পাশে সৌদি সামরিক অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় ৩০ জন নিহত হন। এ হামলার জন্য সৌদি বিমান হামলাকে দায়ী করেছে হুথিরা। তবে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযোগ, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ওই বাজারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

দীর্ঘদিনের আপেক্ষিক শান্তির পর গত জুলাইয়ে হুথি ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নতুন একটি রণক্ষেত্র তৈরি হয়েছে।

এরপর থেকে সৌদি আরব নিয়মিত হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে তেলসমৃদ্ধ সৌদি আরবের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে হুথি গোষ্ঠী।

আরও পড়ুন