EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বোমাবর্ষণেও থামবে না ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

বোমাবর্ষণেও থামবে না ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন
অ অ

যুদ্ধ, বোমাবর্ষণ কিংবা শত্রুপক্ষের সামরিক চাপ—কোনো কিছুতেই ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন কার্যক্রম বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে গত ৪০ দিনের সংঘাতে শত্রুপক্ষের ২৬০টির বেশি যুদ্ধবিমান, ড্রোন ও অন্যান্য আকাশযানে হামলা চালানো বা সেগুলোর কার্যক্ষমতা নষ্ট করার দাবি করেছে বাহিনীটি।

শনিবার (৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এসব দাবি করেন।

তিনি বলেন, শত্রুপক্ষকে কোনোভাবেই ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ করতে দেওয়া হবে না। যুদ্ধ পরিস্থিতি ও বোমাবর্ষণের মধ্যেও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন অব্যাহত রাখার সক্ষমতা অর্জন করেছে ইরান।

মোহেব্বি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অন্যতম প্রধান কৌশলগত অর্জন হলো মহাকাশ ও বিমান প্রযুক্তিতে নিজস্ব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক প্রযুক্তির দেশীয়করণ। এর ফলে ইরান সামরিক অস্ত্র আমদানিকারক দেশ থেকে বিমান ও মহাকাশ প্রযুক্তি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।

তিনি জানান, বর্তমানে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করছে ইরান। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে আরমান ক্ষেপণাস্ত্র, ৩৫৮ ড্রোন এবং খোরদাদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অস্ত্র, সামরিক সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদনে দেশটি এখন নিজস্ব জ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভর করছে।

সাম্প্রতিক ৪০ দিনের সংঘাতের বিষয়ে আইআরজিসির মুখপাত্র দাবি করেন, এ সময়ে তাদের অ্যারোস্পেস ফোর্স শত্রুপক্ষের ২৬০টিরও বেশি যুদ্ধবিমান, ড্রোন ও অন্যান্য আকাশযানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে অথবা সেগুলোর কার্যক্ষমতা নষ্ট করেছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে এফ-৩৫, এফ-১৮ ও এফ-১৫ যুদ্ধবিমানের পাশাপাশি এমকিউ-১, আরকিউ-৪, রিপার এবং লুকাস ড্রোন রয়েছে।

মোহেব্বি আরও বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমানো এবং স্টেলথ প্রযুক্তির উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখার সক্ষমতা ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতির প্রতিফলন।

সংবাদ সম্মেলনে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন কার্যক্রম বন্ধ করতে শত্রুপক্ষের কোনো প্রচেষ্টাই সফল হতে দেওয়া হবে না।

তবে আইআরজিসির পক্ষ থেকে শত্রুপক্ষের ২৬০টির বেশি আকাশযানে হামলা বা সেগুলোর কার্যক্ষমতা নষ্ট করার যে দাবি করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: পার্সটুডে ও ইরনা

আরও পড়ুন