EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে সাত মুসলিমের জয়, আছেন নওমুসলিমও

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ এএম

মার্কিন কংগ্রেসে সাত মুসলিমের জয়, আছেন নওমুসলিমও

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষে জয় পেয়েছেন সাত মুসলিম প্রার্থী। তাঁদের মধ্যে একজন সিনেটে এবং ছয়জন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। এ বিজয়ের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। নির্বাচিত সাতজনের মধ্যে একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম। অন্যদিকে প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন ইলহান ওমর, রশিদা তালিব, আন্দ্রে কারসন ও লতিফা সাইমন। নতুন করে নির্বাচিত হয়েছেন অ্যাডাম হামাভি ও দারিআলিজা আভিলা শেভালিয়ে।

নির্বাচনে নাগরিক অধিকার, স্বাস্থ্যসেবা ও পররাষ্ট্রনীতি প্রার্থীদের প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কয়েকজন প্রার্থী আন্তর্জাতিক আইন মেনে চলা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দেশটিকে নিঃশর্ত মার্কিন সামরিক সহায়তা বন্ধের পক্ষে অবস্থান নেন। নির্বাচনের ফলে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্রেটিক পার্টির হাতে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সাইয়েদ

৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ মিশিগান থেকে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন। অবসরে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে জয়ী হন তিনি।

একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এল-সাইয়েদ নির্বাচনী প্রচারে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং করপোরেট প্রভাব সীমিত করার ওপর গুরুত্ব দেন। প্রচারের সময় তাঁর মুসলিম পরিচয় নিয়ে রাজনৈতিক আক্রমণের মুখেও পড়তে হয় তাঁকে।

ইসরায়েলে নিঃশর্ত মার্কিন অস্ত্র সরবরাহের সমালোচনা করেন এল-সাইয়েদ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি গণহত্যা বলেও আখ্যা দেন। 

পঞ্চমবারের মতো জয় পেলেন ইলহান ওমর

মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ইলহান ওমর। তিনি রিপাবলিকান জন নাগেল ও স্বতন্ত্র প্রার্থী ডেভলে জ্যাকসনকে পরাজিত করেন।

১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ২০১৯ সালে দেশটির প্রথম সোমালি-আমেরিকান ফেডারেল আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নেন। তিনি দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা নিশ্চিত করা এবং মার্কিন অস্ত্র বিক্রির ওপর নজরদারির পক্ষে কাজ করছেন।

পঞ্চম মেয়াদে রশিদা তালিব

ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী রশিদা তালিব মিশিগানের ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেন।

কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত সদস্য তালিব অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর করা, সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে সোচ্চার।

নিউ জার্সি থেকে প্রথম মুসলিম সদস্য অ্যাডাম হামাভি

৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হামাভি নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন। তিনি রিপাবলিকান গ্রেগ মেলেককে পরাজিত করে রাজ্যটি থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য হয়েছেন।

প্লাস্টিক সার্জন হামাভি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক চিকিৎসক। ২০২৪ সালে গাজার ইউরোপিয়ান হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন তিনি। নির্বাচনী প্রচারে গাজায় মানুষের দুর্ভোগের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন হামাভি।

তিনি সবার জন্য মেডিকেয়ার চালু, চিকিৎসা ও শিক্ষার্থীদের ঋণ বাতিল, মার্কিন অভিবাসন সংস্থা আইসিই বিলুপ্ত এবং ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে প্রচার চালান।

ইসলাম গ্রহণ করে কংগ্রেসে দারিআলিজা

নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রার্থী দারিআলিজা আভিলা শেভালিয়ে প্রতিনিধি পরিষদের ১৩তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। গত জুনের প্রাইমারি নির্বাচনে তিনি অভিজ্ঞ কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এসপাইল্লাতকে পরাজিত করেছিলেন।

শেভালিয়ে একজন নাগরিক অধিকারকর্মী ও গবেষক। তিনি পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নির্বাচনে ৮৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। তাঁর প্রচারে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান গুরুত্ব পেয়েছে।

আন্দ্রে কারসন ও লতিফা সাইমনের জয়

ইন্ডিয়ানার ডেমোক্র্যাট আইনপ্রণেতা আন্দ্রে কারসন রিপাবলিকান প্যাট্রিক ম্যাকঅলি ও লিবার্টেরিয়ান প্রার্থী জেমস সিনিয়াককে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন। ২০০৮ সাল থেকে প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে তিনি কংগ্রেসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মুসলিম সদস্য।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী লতিফা সাইমন। তিনি নিজের দলের প্রতিদ্বন্দ্বী জেমি জয়েসকে পরাজিত করেন। সাইমনও মার্কিন সামরিক অস্ত্র সরবরাহের বিরোধিতা করে আসছেন।

এদিকে ক্যালিফোর্নিয়ার আরেকটি কংগ্রেশনাল আসনে মুসলিম প্রার্থী আয়েশা ওহাব প্রাথমিক ভোট গণনায় এগিয়ে ছিলেন। তবে ভোট গণনা চলমান থাকায় তাঁর জয় তখন নিশ্চিত হয়নি। 

সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।

আরও পড়ুন