EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কো রুবিও কি ২০২৮ সালের নির্বাচনে লড়তে পদত্যাগ করছেন?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

মার্কো রুবিও কি ২০২৮ সালের নির্বাচনে লড়তে পদত্যাগ করছেন?
অ অ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করতে পারেন বলে খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। 

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে নামহীন সূত্রের বরাতে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের দায় থেকে দূরে থাকতে তিনি এ পথে হাঁটতে পারেন। তবে পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস প্রতিবেদনটি অস্বীকার করেছে।

গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিয়েছে। টেক্সাস ও কানসাসের মতো রিপাবলিকানদের ঘাঁটিতেও সিনেট আসন হাতছাড়া হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হারের কারণ ইরান যুদ্ধ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। যুদ্ধের শুরুতে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছিল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, উচ্চ দাম ও ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ নির্বাচনে প্রতিফলিত হয়েছে।

ইনডিপেনডেন্টের সূত্রগুলো বলছে, ইরান যুদ্ধের দায় ট্রাম্পের ওপর চাপিয়ে নিজেকে আলাদা করা রুবিওর জন্য জরুরি। এক সূত্রের দাবি, পররাষ্ট্রমন্ত্রী পদে থেকে নির্বাচনে লড়া যায় না এবং প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা এখন তাঁর জন্য ক্ষতির কারণও হতে পারে। যুক্তরাজ্য সরকারের এক জ্যেষ্ঠ সূত্র বলেছে, রুবিওর পদে থাকা তাদের কাছে অসম্ভব মনে হচ্ছে। সূত্রগুলোর ভাষ্য, মন্ত্রিসভার চার-পাঁচজন সদস্য পদত্যাগের কথা ভাবছেন।

প্রশাসনের ভেতরের এক ব্যক্তি অবশ্য ইনডিপেনডেন্টকে বলেছেন, রুবিও পদ ছাড়তে চান—এমন কোনো লক্ষণ দেখাননি, যদিও নির্বাচনের পর হোয়াইট হাউসের পরিস্থিতির ওপর তা বদলাতে পারে। পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব ডিলান জনসন প্রতিবেদনটিকে ‘ভিত্তিহীন ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন। সেপ্টেম্বরে রুবিও বলেছিলেন, ২০২৮ সালে লড়ার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। ভ্যান্স লড়লে তিনি সরে দাঁড়াবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন রুবিও। রিপাবলিকান দলের ২০২৮ সালের মনোনয়নের দৌড়ে ভ্যান্সকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হয়।

আরও পড়ুন