EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আইজেনকটকে সমর্থন আরব দলগুলোর, নেতানিয়াহু বেকায়দায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

আইজেনকটকে সমর্থন আরব দলগুলোর, নেতানিয়াহু বেকায়দায়
অ অ

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। 

বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আরব দলগুলোর প্রতিনিধিরা এ সমর্থন জানান। এর ফলে নেসেটে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন আইজেনকট। 

তবে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে আপত্তি আছে তাঁর সম্ভাব্য জোটের কয়েকটি ইহুদি দলের।

বৈঠক শেষে হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে সমর্থন দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়েছে ৪৬ জনের প্রতিনিধিত্বকারী দলগুলো। সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে জানান তিনি। 

আগামী রবিবার তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে দায়িত্ব দিতে প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে। দলটির দাবি, ২০১৫ সালের পর কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী এত বেশি আইনপ্রণেতার সমর্থন পাননি।

সরকার গঠনের পথ অবশ্য সহজ নয়। নেতানিয়াহুবিরোধী দলগুলোর মধ্যে ইহুদি নেতৃত্বাধীন চার দলের আসন ৪৮টি, আর আরব নেতৃত্বাধীন দুটি দল ও জোটের আসন ১৯টি। ইহুদি নেতৃত্বাধীন তিনটি দল এখনো আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে রাজি নয়।

আরব দলগুলোর মধ্যে রয়েছে রাআম ও জয়েন্ট লিস্ট। রাআমের নেতা মনসুর আব্বাস বলেন, আইজেনকটের নেতৃত্বে তিনি একটি ভালো সরকার দেখতে চান। আইজেনকটের সরকারে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত আছে। আব্বাস সরাসরি স্বীকৃতি না দিলেও সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন।

জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন বলেন, বৈষম্য ও অপরাধের কারণে আরব নাগরিকেরা পরিবর্তন চান। দলটির আইনপ্রণেতা আহমেদ তিবি জানান, তাঁরা সরকারে না থেকে বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দিতে পারেন।

এদিকে গত নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেলেও সাত আসনের ইউনাইটেড তোরাহ জুডাইজম তাঁকে সমর্থন দেয়নি। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের অধিবেশন বসবে।

আরও পড়ুন