EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মরিশাসে ভারী কাঁচের বক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি নিহত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

মরিশাসে ভারী কাঁচের বক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি নিহত

ছবি: ‘ল্য ডেফি মিডিয়া’

অ অ

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে কনটেইনার থেকে মালামাল নামানোর সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় দুর্ঘটনাবশত সেটি উল্টে শ্রমিকদের ওপর পড়লে এ ঘটনা ঘটে।

গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে মরিশাসের উত্তরাঞ্চলীয় প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত তিন বাংলাদেশির পরিচয় উদ্ধার হয়েছে। তাঁরা হলেন— মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

মরিশাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই ৩ বাংলাদেশি শ্রমিক একটি মালবাহী কনটেইনার থেকে ৪১টি বিশাল কাচের পাতযুক্ত একটি ভারী বাক্স বের করার কাজ করছিলেন।

বাক্সে থাকা প্রতিটি কাচের পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। মালামাল খালাসের একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ভারী বাক্সটি হঠাৎ করে হুড়মুড় করে উল্টে তাঁদের ওপর এসে পড়ে।

কাচের পাতের বিশাল ওজন ও ধারালো আঘাতের নিচে চাপা পড়ে তিন শ্রমিকের কেউই আত্মরক্ষার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান। ঘটনার পরপরই প্লেইন-দে-পাপাইয়েস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও প্রাথমিক তদন্ত শুরু করে।

পরবর্তীতে ‘মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস’-এর উদ্ধারকারী দল এসে ধ্বংসস্তূপ সরিয়ে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত চলছে বলে দেশটির গণমাধ্যম‘ল্য ডেফি মিডিয়া’কে জানিয়েছে কর্তৃপক্ষ।

মরিশাসে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনকে ঘটনাটি অবহিত করা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।

আরও পড়ুন