EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে আরও এক তেলবাহী জাহাজে আগুন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে আরও এক তেলবাহী জাহাজে আগুন

মাইনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্যাঙ্কারটির সমস্ত কার্যক্রম ও চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ছবি: মেহর নিউজ

অ অ

হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নৌ মাইনের আঘাতে আরও একটি আন্তর্জাতিক তেল ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) ভোরের দিকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মাইনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্যাঙ্কারটির সমস্ত কার্যক্রম ও চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ইরানি সশস্ত্র বাহিনীর গণসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিবৃতির বরাতে দেশটির  গণমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া অন্য ট্যাঙ্কারগুলোর মতোই এই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজটিও আন্তর্জাতিক নৌ আইন লঙ্ঘন করেছিল।

জাহাজটি তার নিজস্ব পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা (আইডি) এবং আধুনিক নেভিগেশন বা নৌ চলাচল ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখেছিল।

সমস্ত আন্তর্জাতিক সমুদ্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো ধরনের পূর্বসমন্বয় ছাড়া যাতায়াতের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পর বৈশ্বিক পরাশক্তি ও আন্তর্জাতিক নৌ সংস্থাগুলোর প্রতি চরম হুঁশিয়ারি জারি করেছে ইরানের নৌবাহিনী।

বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ‘ইরানের সাথে যুদ্ধ কিংবা শত্রুতা করার পরিণতি যেকোনো পক্ষের জন্য চরম পরাজয় ছাড়া আর কিছুই এনে দেবে না।’

একই সাথে আন্তর্জাতিক জাহাজ মালিক ও বাণিজ্যিক সংস্থাগুলোর উদ্দেশ্যে নিজেদের আগের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে ইরানি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে অত্যন্ত অনিরাপদ।

ফলে তেহরানের পূর্বানুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা সমন্বয় ছাড়া যাতায়াত করতে যাওয়া যেকোনো নিয়ম লঙ্ঘনকারী জাহাজের জন্য এই কৌশলগত সামুদ্রিক পথটি সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি রুটে একের পর এক ট্যাঙ্কারে রহস্যময় মাইন হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভূ-রাজনীতিতে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন