EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের দলের হারে ইসরায়েলে তোলপাড়, চাপে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

ট্রাম্পের দলের হারে ইসরায়েলে তোলপাড়, চাপে নেতানিয়াহু

ইসরায়েলের নির্বাচনী প্রচারণার পোস্টার। ছবি: এএফপি

অ অ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ে ইসরায়েলের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নতুন সরকার গঠনের দর-কষাকষির মধ্যেই দেশটির রাজনীতিকেরা প্রশ্ন তুলছেন, এই পরাজয়ে ইসরায়েলের ভূমিকা কতটা।

গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট পেয়েছে ৫৩ আসন, সরকার গঠনে প্রয়োজন ৬১। দুই নেতাই ভোটের আগে একে অপরের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

ট্রাম্প গত বছর ক্ষমতায় ফিরে ‘বোকামিপূর্ণ যুদ্ধে’ না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে তিনি নেতানিয়াহুর সঙ্গে ইরানে যৌথ সামরিক অভিযানের নির্দেশ দেন। ইরান পাল্টা হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক শিবলি তেলহামির মতে, ফলাফল ট্রাম্পবাদের প্রত্যাখ্যান, তবে ইরান যুদ্ধ ও ইসরায়েলকে সমর্থনও বড় ভূমিকা রেখেছে, কারণ ভোটাররা এসব বিষয়কে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন। তাঁর তত্ত্বাবধানে করা জরিপে অধিকাংশ মার্কিনি মনে করেন, নেতানিয়াহু প্রশাসন ট্রাম্প প্রশাসনকে যুদ্ধে প্ররোচিত করেছে।

ট্রাম্প ডেমোক্র্যাটদের জয় স্বীকার করেছেন এবং জ্বালানির দামে প্রভাব ফেলায় ইরান যুদ্ধ আংশিক দায়ী বলে মেনেছেন। ভোটের দিন এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার আর দেবে না যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের সাবেক কূটনীতিক অ্যালোন পিঙ্কাস বলেন, অস্ত্রপ্রাপ্তি ও ভবিষ্যৎ কৌশলগত চুক্তি নিয়ে কিছুই বলা হয়নি, সবকিছু অনিশ্চিত।

এদিকে নেতানিয়াহু বিদেশি শক্তির বিরুদ্ধে আরব দলগুলোর ভোট অবৈধভাবে বাড়ানোর অভিযোগ তুলেছেন এবং ফল অনুমোদন না করার হুমকি দিয়েছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদের মতে, নির্বাচনের পর নেতানিয়াহুর পদক্ষেপগুলো তাঁকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য করেছে।

আরও পড়ুন