এলএনজি আমদানিতে যুক্তরাষ্ট্রের গ্যাসের সুযোগ পাচ্ছে ভারত
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
ছবি: সংগৃহীত
জ্বালানি সরবরাহের উৎস বহুমুখী করতে ভারতের প্রস্তাব বিবেচনা করছে কাতার। নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহ করে ভারতকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
ভারতের শীর্ষ গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কিছু এলএনজি সরবরাহের বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে ভারত।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, কাতারের সঙ্গে পেট্রোনেটের বছরে ৭৫ লাখ মেট্রিক টন এলএনজি সরবরাহের চুক্তি রয়েছে। ২০২৮ সালের এপ্রিলে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা আরও ২০ বছরের জন্য, অর্থাৎ ২০৪৮ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে।
মিত্তাল জানান, চুক্তির আওতায় গ্যাসের উৎস বহুমুখী করার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের প্রস্তাব বিবেচনায় নিয়ে কাতার অন্য উৎস থেকে সংগ্রহ করা গ্যাসের একটি অংশ সরবরাহ করতে পারে।
গত মাসে কাতারএনার্জি যুক্তরাষ্ট্রের উডসাইডের স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছর মেয়াদি চুক্তি করেছে। ২০৩০ সাল থেকে এ সরবরাহ শুরু হওয়ার কথা। এ ছাড়া চেনিয়ার এনার্জির সঙ্গে ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন গ্যাস কেনার দুটি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং রাস লাফান স্থাপনায় হামলার পর গত মার্চে এলএনজি সরবরাহে ফোর্স মেজর ঘোষণা করে কাতারএনার্জি। এ স্থগিতাদেশ আপাতত ডিসেম্বর পর্যন্ত কার্যকর রয়েছে।
কাতারের সরবরাহে বিঘ্ন ঘটায় ভারত যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এদিকে সরবরাহ স্থগিত থাকায় পেট্রোনেট তিনটি এলএনজি ট্যাংকারের সময়ভিত্তিক ভাড়া চুক্তিও স্থগিত করেছে।
