EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঠাঁই না হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প!

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

যুক্তরাষ্ট্রে ঠাঁই না হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা কমে গেলে ইসরায়েলে চলে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, দেশটিতে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের দাবি, ইসরায়েলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী হব।’

একই সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রতিবছর ৪০০ কোটি ডলার মার্কিন সহায়তা দেওয়ার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ সহায়তা বন্ধের বিষয়ে তাঁর সমঝোতা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এ অর্থ দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু ও আমার মধ্যে একটি সমঝোতা হয়েছে। আমরা প্রতিবছর ইসরায়েলকে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে ইসরায়েলের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের এখন আর এই আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে নেমেছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের ওপর আইন প্রণয়নের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় দলটি।

আরও পড়ুন