EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর বটমস

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর বটমস

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস। রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করে জর্জিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।

আটলান্টার সাবেক মেয়র বটমস এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই জয়ের পেছনে অঙ্গরাজ্যটির উল্লেখযোগ্য কৃষ্ণাঙ্গ ভোটারগোষ্ঠীর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগাম ভোটেও বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটার অংশ নেন।

অন্যদিকে, নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করেছিলেন রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসন। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্যে নিজের ব্যক্তিগত সম্পদ থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ নির্বাচনী প্রচারে ব্যয় করেন তিনি।

নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকানরা আটলান্টার মেয়র হিসেবে বটমসের দায়িত্ব পালনের সময়কে অপরাধপ্রবণতা ও নগর অবনতির সময় হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তবে এ ধরনের প্রচারণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখেছেন বটমস।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বটমস বলেন, ‘আটলান্টাকে একটি ভয়ংকর জায়গা হিসেবে তুলে ধরা দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

বটমসের এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার গভর্নর পদে একজন কৃষ্ণাঙ্গ নারীকে প্রার্থী করল ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে স্টেসি অ্যাব্রামস ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন।

মেয়াদের সীমাবদ্ধতার কারণে আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন কেম্প। সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন