মধ্যবর্তী নির্বাচনের ভোটে ট্রাম্পের বাকি মেয়াদ কেমন হবে
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারণের ভোট, ট্রাম্পের বাকি মেয়াদ নির্ভর করছে ফলের ওপর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন মার্কিন ভোটাররা। এই ভোটে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা ঠিক হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে আইন পাস, নীতি বাস্তবায়ন এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্তের সুযোগ অনেকটাই নির্ভর করছে এই ফলের ওপর।
প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে এই নির্বাচন হয়। এবার প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। একই দিনে ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও হবে।
বর্তমানে দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা সামান্য। সিনেটে তাদের আসন ৫৩টি। প্রতিনিধি পরিষদে তাদের আসন ২১৮টি, যা কক্ষটির নিয়ন্ত্রণ ধরে রাখতে ন্যূনতম প্রয়োজন। নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদে নিট তিনটি এবং সিনেটে চারটি আসন বাড়াতে হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা কোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পক্ষে আইন পাস করানো কঠিন হবে। তারা তদন্ত শুরু করে নথিপত্র ও সাক্ষ্য তলবের ক্ষমতাও পাবেন। ট্রাম্পের অভিশংসন নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে বিতর্ক রয়েছে। আর রিপাবলিকানরা নিয়ন্ত্রণ ধরে রাখলে ট্রাম্প নিজের পরিকল্পনা এগিয়ে নিতে পারবেন।
প্রচারণায় অর্থনীতি বড় ইস্যু। জ্বালানি, নিত্যপণ্য, বাসস্থান ও স্বাস্থ্যসেবার ব্যয় এবং মূল্যস্ফীতি নিয়ে অনেক ভোটার চাপে আছেন। ইরান যুদ্ধও আলোচনায় রয়েছে। ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্পের বাণিজ্য শুল্ক পণ্যের দাম বাড়িয়েছে। রিপাবলিকানদের দাবি, ট্রাম্প সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করে নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণও আলোচনায় এসেছে।
জরিপ-তথ্যভিত্তিক ওয়েবসাইট সিলভার বুলেটিনের হিসাবে, ট্রাম্পের প্রতি সমর্থন এখন প্রায় ৩৭ শতাংশ। দ্বিতীয় মেয়াদের শুরুতে তা ছিল ৫০ শতাংশের কিছু বেশি।