EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেভিগেশন ব্যবস্থা শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

নেভিগেশন ব্যবস্থা শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের
অ অ

একসময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) ‘দুষ্টু ছেলে’ হিসেবে পরিচিত ছিল জিএসএলভি রকেট। সেই রকেটের হাত ধরেই এবার ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’কে আরও শক্তিশালী করতে মহাকাশে পাঠানো হয়েছে নতুন স্যাটেলাইট এনভিএস-০৩।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি-এফ১৮ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। নির্ধারিত কক্ষপথে সফলভাবে উপগ্রহটি স্থাপনের পর ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানান, এ উৎক্ষেপণের মধ্য দিয়ে নির্ভুল সময় নির্ধারণ ও দিকনির্দেশনা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। এ সাফল্যে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় নিজস্ব নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে ভারত। এরই ধারাবাহিকতায় দেশটি ‘ন্যাভিক’ প্রকল্প হাতে নেয়। পরবর্তী সময়ে এটি ভারতের নিজস্ব আঞ্চলিক নেভিগেশন ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে।

ন্যাভিক ব্যবস্থার মাধ্যমে ভারতের ভূখণ্ডের পাশাপাশি দেশটির সীমানা থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত নির্ভুল অবস্থান ও সময়সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব। তবে এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সময়ে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়েছে ইসরোকে। বিশেষ করে বিদেশ থেকে আমদানি করা পারমাণবিক ঘড়িতে ত্রুটি দেখা দেওয়ায় কয়েকটি স্যাটেলাইটের কার্যক্ষমতা ব্যাহত হয়।

এ সমস্যা কাটিয়ে উঠতে নতুন স্যাটেলাইট এনভিএস-০৩-এ যুক্ত করা হয়েছে ভারতে তৈরি পারমাণবিক ঘড়ি। এর ফলে নেভিগেশন প্রযুক্তিতে বিদেশি যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নিজস্ব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

স্যাটেলাইটটিতে এল১ ব্যান্ডের সংকেতও যুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে স্মার্টফোন, বিমান চলাচল ও পরিবহন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ন্যাভিক ব্যবস্থার ব্যবহার আরও সহজ হতে পারে।

বিশ্লেষকদের মতে, এনভিএস-০৩ উৎক্ষেপণের মাধ্যমে ন্যাভিকের সব প্রযুক্তিগত সমস্যা একবারে সমাধান হবে না। তবে ভারতের নিজস্ব ও স্বাধীন নেভিগেশন ব্যবস্থা আরও কার্যকর করে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আরও পড়ুন