EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জার্মানিজুড়ে জেন-জির বিক্ষোভ আগামীকাল, সতর্ক পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

জার্মানিজুড়ে জেন-জির বিক্ষোভ আগামীকাল, সতর্ক পুলিশ

ছবি: রয়টার্স

অ অ

শিক্ষা, জীবনযাত্রার ব্যয় ও সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) জার্মানির ২০টিরও বেশি শহরে বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের ‘জেন-জি’ উদ্যোগ। বার্লিন, হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখে প্রধান কর্মসূচি হবে। ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের আদলে টিকটক, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে এর প্রচার চলছে। ফ্রান্সের মতো পরিস্থিতির আশঙ্কায় জার্মানির নগর কর্তৃপক্ষ সতর্ক।

আয়োজকেরা ওয়েবসাইটে ছয় দাবি তুলেছেন। এগুলো হলো শিক্ষা ও মনোচিকিৎসা খাতে বরাদ্দ না কমানো, জীবনযাত্রার ব্যয় সহনীয় করা, ব্যয়ের বোঝা সব শ্রেণির মধ্যে ন্যায্যভাবে বণ্টন, সামরিক ব্যয় কমানো ও বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা, নজরদারি সম্প্রসারণ বন্ধ এবং কার্যকর জলবায়ু সুরক্ষা।

আয়োজকেরা বলছেন, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণ। তবু পুলিশ বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সহিংসতার সুনির্দিষ্ট কোনো আহ্বান তাঁদের নজরে আসেনি। তবে বামপন্থী চরমপন্থী কিছু গোষ্ঠী ও বিদেশি কয়েকটি সংগঠন বিক্ষোভের পক্ষে প্রচার চালাচ্ছে।

আন্দোলনের সাংগঠনিক কাঠামো এখনো অস্পষ্ট। এ কারণে ফেডারেল স্কুলশিক্ষার্থী প্রতিনিধি সংগঠন বুন্ডেসশুলারকনফারেনৎস বিক্ষোভ থেকে নিজেদের দূরে সরিয়েছে।

বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটির গবেষক ইয়ানিস ইউলিয়ান গ্রিমের মতে, নতুন আন্দোলনের শুরুতে শিথিল কাঠামো অস্বাভাবিক নয়। ব্যক্তিগত যোগাযোগ ও ডিজিটাল মাধ্যমেই সাধারণত তা শুরু হয়, সুসংগঠিত রূপ পেতে সময় লাগে। তিনি ‘ফ্রাইডে ফর ফিউচার’ আন্দোলনের উদাহরণ দেন। তাঁর মতে, ইউরোপের তরুণদের মধ্যে রাজনৈতিক অসহায়ত্ব ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অভিন্ন।

সবুজ দলের সভাপতি ফেলিক্স বানাশাক সতর্ক করেছেন, আন্দোলনকারীদের সবাইকে সন্দেহ করলে কিছু মানুষ উগ্রপন্থার দিকে ঝুঁকতে পারে। তাঁর মতে, তরুণদের ন্যায্য দাবি নিয়ে গঠনমূলক রাজনৈতিক আলোচনা হওয়া উচিত।

আরও পড়ুন