EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর
অ অ

ইসরায়েলের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অপপ্রচারের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলো বিদেশি সহায়তায় ভোট ‘চুরি’ করেছে বলে দাবি করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও তাঁর মিত্ররা ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে ভোট কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এই সব অনিয়মের পেছনে বিদেশি অর্থায়ন ছিল বলেও দাবি লিকুদ পার্টির।

তবে প্রধান বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে এবং এর বৈধতা নষ্ট করতে পরিকল্পিত ও সমন্বিত প্রচার চালাচ্ছেন নেতানিয়াহু ও তাঁর দল।

নেতানিয়াহুর এই অভিযোগের পক্ষে কোনো ভিত্তি নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনেহ এবং পুলিশ কর্মকর্তারা। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও এই পরিস্থিতিতে পুরো একটি আরব জনগোষ্ঠীকে কলঙ্কিত না করার আহ্বান জানিয়েছেন। কাতারও তাদের বিরুদ্ধে ওঠা নির্বাচনে অর্থায়নের এই অভিযোগকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

দীর্ঘ চার বছর ক্ষমতায় থাকার পর মঙ্গলবারের এই নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা হারাল। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) নেতানিয়াহুপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়ে ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে আরব-ইসরায়েলি দুই দল— জয়েন্ট লিস্ট ও রা’আম।

রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধীদের ধারণা, নতুন নেসেটে আরব ও ইহুদি বিরোধী দলগুলোর সম্ভাব্য কোয়ালিশন বা সহযোগিতা ঠেকানোর রাজনৈতিক উদ্দেশ্য থেকেই নেতানিয়াহু এই জালিয়াতির কার্ড খেলছেন। কারণ এই জোট সফল হলে বর্তমান স্পিকার আমির ওহানাকে অপসারণসহ বিরোধীদের নতুন আইন প্রণয়নের পথ সুগম হতে পারে। মূলত কট্টর ডানপন্থীদের পুনরায় ক্ষমতায় ফেরার আশঙ্কা এবং দীর্ঘদিনের বৈষম্যের জবাব দিতেই এবার আরব ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন