সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত অন্তত ২১
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
সুদানের পশ্চিম দারফুরের নিয়ালা শহরের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার্তা সংস্থা এএফপিকে চিকিৎসাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। নিয়ালা শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত রাজধানী হিসেবে পরিচিত।
এক বাসিন্দা জানান, সোমবার রাত ৮টার দিকে নিয়ালার উত্তরাঞ্চলের একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়। আরেক বাসিন্দা জানান, বাজারটিতে প্রায়ই তরুণদের যাতায়াত ছিল। তাঁদের মধ্যে আরএসএফের যোদ্ধারাও ছিলেন।
নিয়ালা হাসপাতালের এক চিকিৎসাকর্মী জানান, সোমবার রাতের হামলায় ২১ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। তবে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে কতজন আরএসএফের যোদ্ধা ছিলেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সামরিক বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। সামরিক বাহিনী নিয়মিত নিয়ালা শহরে হামলা চালিয়ে আসছে। রাজধানী খার্তুমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার থাকলেও আরএসএফ নিয়ালাকে কেন্দ্র করে একটি প্রতিদ্বন্দ্বী সরকার গঠন করেছে।
বর্তমানে সুদানের যুদ্ধে ড্রোন হামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উভয় পক্ষই দেশের বিভিন্ন এলাকায় অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। এসব হামলায় বারবার প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, অক্টোবরের প্রথম তিন সপ্তাহেই ড্রোন হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। সহায়তাকর্মীদের ধারণা, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সুদানে ২ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এই সংঘাত দেশটিতে বিশ্বের অন্যতম বড় দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে।
