সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাপ্রধানের বিরোধ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান জেনারেল আইয়াল জামিরের মধ্যে সামরিক অভিযান নিয়ে বিরোধ তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল ১২। নেতানিয়াহুর দেওয়া অভিযানের নির্দেশ মানার আগে আরও আলোচনা এবং লিখিত আইনি অনুমোদনে প্রধানমন্ত্রীর স্বাক্ষর চেয়েছিলেন সেনাপ্রধান।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কী ধরনের অভিযান নিয়ে এই বিরোধ, তা স্পষ্ট করেনি চ্যানেল ১২। তবে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে মতবিরোধ তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত অভিযান ইরানের সঙ্গে সংঘাত আরও বাড়াতে পারে বলে এক সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের ভাষ্য, ইরান ইস্যু রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েও সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে নেতানিয়াহু এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি নেতানিয়াহুকে দক্ষ ও সাহসী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলিদের নেতানিয়াহুকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনের আগে নেতানিয়াহু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের একটি ছবিও প্রকাশ করেন। তিনি সতর্ক করেন, তাঁকে ছাড়া অন্য কাউকে ভোট দিলে ইসরায়েলিরা ‘দ্বিতীয় হলোকাস্টের’ ঝুঁকিতে পড়তে পারেন।
এদিকে, ২৩ অক্টোবর প্রকাশিত নির্বাচনি পূর্বাভাসে বলা হয়েছে, নির্বাচনের পর ক্ষমতাসীন বা বিরোধী—কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
-6adebf7eb5221.jpg)