তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। তবে ট্রাম্প বারবারই তৃতীয়, এমনকি চতুর্থ মেয়াদেও নির্বাচনে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন।
গত আগস্টের পর বৃহস্পতিবার আবারও একই কথা বলেছেন তিনি। দ্য গার্ডিয়ানের গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, আইওয়ায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। একই সঙ্গে দাবি করেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়ার ‘অধিকার’ তার রয়েছে।
বৃহস্পতিবার আইওয়ার সিউক্স সিটিতে এক নির্বাচনী সমাবেশে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ট্রাম্প। একপর্যায়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রসঙ্গ তোলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি জানি না আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। আইন অনুযায়ী, যদিও আমি শতভাগ নিশ্চিত নই, আমার মনে হয়, আমার আর নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই।’
এরপর যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর কথা স্বীকার করেন ট্রাম্প। এই সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। তবে ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ আবারও তোলেন তিনি। ট্রাম্পের দাবি, ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা তার কাছ থেকে জয় ‘চুরি’ করে নিয়েছিল।
হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘তবে একটি বিষয় ভিন্ন; দ্বিতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, কারণ আমরা আসলে তিনবারই জিতেছিলাম। তাই আমার মনে হয়, আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে।’
এ সময় সমাবেশে উপস্থিত জনতা হাততালি দিয়ে তার বক্তব্যে সাড়া দেয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে তিনি ‘খুবই আগ্রহী’। চলতি বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসে এক জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো আমাদের আরও একটি মেয়াদে দায়িত্ব পালন করা উচিত।’ একই সঙ্গে দাবি করেন, এমনটি করার ‘অধিকার’ তাঁর রয়েছে।
তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়ার ইঙ্গিত শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি। গত বছর ‘ট্রাম্প স্টোর’-এ ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি শুরু হয়। এমনকি জুলাইয়ে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এর সময় ট্রাম্পকে এমন একটি টুপি পরতেও দেখা যায়।
তবে তার ঘনিষ্ঠ সহযোগীরা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে ট্রাম্পের এসব বক্তব্যকে নিছক কৌতুক বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান