EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজে কুয়েতি ট্যাংকারে হামলা, অক্ষত ২১ ভারতীয় নাবিক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম

হরমুজে কুয়েতি ট্যাংকারে হামলা, অক্ষত ২১ ভারতীয় নাবিক

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর জাহাজে আগুন ধরে গেলেও সব নাবিক নিরাপদে রয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ট্যাংকারটিতে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের বুখা উপকূল থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে।

কুয়েতি সংবাদমাধ্যম টাইমস কুয়েতের বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর জাহাজটি ওই এলাকাতেই অবস্থান করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ২১ জন ভারতীয় নাবিক বহনকারী কুয়েতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এমটি আল দাসমা হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়। তবে জাহাজে থাকা ভারতীয় নাবিকসহ সব ক্রু নিরাপদে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুন