মিসরে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: এএফপি
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, ক্রেনের সাহায্যে বড় বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষে বাসটির সামনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
এএফপির ওই সংবাদদাতা আরও জানান, সড়কের পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে ছিল। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
সূত্র: আরব নিউজ, আল-আহরাম ও এএফপি
