৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ানা আমানপোর
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পিএম
ক্রিশ্চিয়ানা আমানপোর। ছবি: এএফপি
দীর্ঘ ৪৩ বছর পর আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের ‘চিফ ইন্টারন্যাশনাল অ্যাংকর’ এবং বিশ্ব সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ান আমানপোর প্রতিষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
২০২৭ সালের মে মাসে তাঁর জনপ্রিয় দৈনিক শো ‘আমানপোর’ বন্ধ হবে এবং পরবর্তী মাসে তিনি চার দশকেরও বেশি সময়ের কর্মস্থলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করবেন।
সোমবার (১৯ অক্টোবর) ৬৮ বছর বয়সী আমানপোর এক বিবৃতিতে জানান, কয়েক মাসের ভাবনা ও কিছু ঘুমহীন রাতের পর তিনি সিএনএন থেকে বিদায় নেওয়ার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। বিদায়বেলায় সিএনএনের স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "মনে রাখবেন: সত্যনিষ্ঠ হন, নিরপেক্ষ নয়।"
এই আকস্মিক বিদায়ের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, সিএনএন যখন নতুন মালিকানা ‘স্কাইড্যান্স’-এর অধীনে এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে, ঠিক তখনই তাঁর এই ঘোষণা এলো।
পেশাগত জীবনের স্মৃতিচারণ করে তিনি বসনিয়া, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন, ইরান, ইরাক যুদ্ধের ভয়াবহতা কাভার করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সহকর্মীদের ধন্যবাদ জানান।
১৯৮৩ সালে সিএনএনের আটলান্টা অফিসে এক সাধারণ প্রবেশিকা সহকারী হিসেবে আমানপোরের কর্মজীবন শুরু হয়েছিল। সিএনএনের প্রধান নির্বাহী মার্ক থম্পসন জানান, শুরুতে এক কর্মকর্তা আমানপুরকে বলেছিলেন যে অন-এয়ার রিপোর্টিংয়ের যোগ্যতা তাঁর নেই। তবে ৯০-এর দশকে উপসাগরীয় যুদ্ধের রোমাঞ্চকর ও নির্ভীক রিপোর্টিংয়ের মাধ্যমে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।
অর্ধেক-ইরানি ও অর্ধেক-ব্রিটিশ এই সাংবাদিক মার্কিন দর্শকদের জটিল বৈশ্বিক রাজনৈতিক খবরাখবর সহজভাবে পরিবেশন করার পক্ষে আজীবন সোচ্চার ছিলেন।
চলতি বছরের শেষে পিবিএস-এর ‘আমানপোর অ্যান্ড কো’ শো-টি বন্ধ হলেও তিনি তাঁর পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালু রাখবেন এবং ভবিষ্যতে নতুন কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।