হুথি হামলার মুখে সৌদির বড় অর্থনৈতিক সম্মেলন স্থগিত
গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবের বার্ষিক অর্থনৈতিক সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি সরকারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত সম্মেলনটি আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এফআইআই ইনস্টিটিউট জানিয়েছে, আমন্ত্রিত অতিথি, বক্তা ও আন্তর্জাতিক অংশীদারদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মেলন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এই সম্মেলনের লক্ষ্য তেলের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, পর্যটন ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। এবারের আয়োজনে গুগল, গোল্ডম্যান স্যাক্স ও ব্ল্যাকরকের শীর্ষ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদের কিংডম সেন্টার ও কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সংঘাত বেড়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দর, সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হওয়ার দাবি করা হয়েছে।
