EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত ৪৩ সেনাসদস্য

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত ৪৩ সেনাসদস্য

ছবি: সংগৃহীত

অ অ

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। তবে আগুনের পেছনে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঙ্গে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতার সংশ্লিষ্টতার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কানাডার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণকেন্দ্র ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ আগুনের সূত্রপাত হয়।

রবিবার রাজধানী অটোয়া থেকে দেওয়া এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে, আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডে নিহত সেনাসদস্যরা হলেন সার্জেন্ট মরগান ওং এবং সৈনিক শন ফারেল, এইডান গুল্ডিং ও হেইডেন লাইকমার্ক।

মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের সময় পদাতিক বাহিনীর সদস্যরা গ্রেনেড রেঞ্জ ও অ্যাটাক রেঞ্জে প্রকৃত গোলাবারুদ ব্যবহার করে উচ্চমাত্রার যুদ্ধ প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। এ সময় গ্রেনেড লঞ্চার, গ্রেনেড, ছোট অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হচ্ছিল।

তিনি জানান, প্রশিক্ষণ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে শুকনো ঘাসে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে অস্বাভাবিক তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দিক পরিবর্তন করে সামরিক ঘাঁটির প্রশাসনিক এলাকার দিকে অগ্রসর হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনী ও জরুরি সেবাদানকারী দলগুলো সারা রাত প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করে। অগ্নিকাণ্ডের পর আলবার্টা প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়। এয়ার অ্যাম্বুলেন্স ও ২২টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের ওয়েনরাইট থেকে প্রাদেশিক রাজধানী এডমন্টনের বড় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় চার সেনাসদস্যের মৃত্যু এবং ৩৯ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে নাশকতার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

আরও পড়ুন