EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ছড়াচ্ছে গণবিক্ষোভ, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

বিশ্বজুড়ে ছড়াচ্ছে গণবিক্ষোভ, কিন্তু কেন?

জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে ইউরোপে বিক্ষোভকারীদের মিছিল। ছবি: এপি

অ অ

ফ্রান্সের প্যারিস থেকে আর্জেন্টিনার বুয়েনস আইরেস, আলবেনিয়ার তিরানা থেকে পর্তুগালের লিসবন। দেশগুলোর দূরত্ব অনেক, কিন্তু রাস্তায় নামা মানুষের ক্ষোভের কারণ প্রায় এক। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, শিক্ষা খাতে বরাদ্দ কাটছাঁট ও সরকারি নীতির প্রতি অসন্তোষ।

বিশ্লেষকদের মতে, এটি কেবল সাময়িক কোনো আইনবিরোধী আন্দোলন নয়, বরং দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য ও নব্য-উদারবাদী নীতিমালার বিরুদ্ধে একটি বৈশ্বিক জনবিস্ফোরণ।

এই মুহূর্তে সবচেয়ে তীব্র ও সহিংস বিক্ষোভের মুখোমুখি হয়েছে ফ্রান্স ও আলবেনিয়া। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর শাসনকালের শেষলগ্নে এসে দেশটিতে দ্বিমুখী সংকটের তৈরি হয়েছে। জিনিসপত্রের উচ্চমূল্য নিয়ে রাজনৈতিক ক্ষোভের পাশাপাশি শিক্ষা খাতে বাজেট কাটছাঁটের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শুধু প্যারিসেই ১ লাখ ১০ হাজারসহ দেশজুড়ে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন, যা মাখোঁ সরকারের জন্য এক বড় ধাক্কা।

আলবেনিয়ার রাজধানী তিরানায় উচ্চ শিক্ষা ব্যয় এবং স্নাতকের পর কর্মসংস্থানের অভাব নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এখন রূপ নিয়েছে সরকারবিরোধী গণবিক্ষোভে। বৈষম্য ও বেকারত্ব নিয়ে তরুণ প্রজন্মের এই ক্ষোভ আলবেনিয়ার অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ইউরোপের অন্য দেশগুলোতে বিক্ষোভের মূল চালিকাশক্তি হলো আবাসন এবং দৈনন্দিন খরচের ভারসাম্যহীনতা। লিসবনে ২০১৭ সালের পর থেকে বাড়ির দাম ও ভাড়া দ্বিগুণ হয়েছে। তরুণ কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য এখন স্বাভাবিকভাবে বেঁচে থাকাই সাধ্যের বাইরে। ফলে হাজার হাজার মানুষ মজুরি বৃদ্ধি ও সাশ্রয়ী আবাসনের দাবিতে রাজপথে নেমেছেন।

বেলজিয়ামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বৃদ্ধির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন পুরো দেশের জীবনযাত্রার ব্যয়বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে, যা দমাতে পুলিশকে জলকামান ব্যবহার করতে হচ্ছে। ইতালির মিলানেও স্থবির মজুরি ও মূল্যস্ফীতির বিরুদ্ধে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ডানপন্থী ও বাজেট কর্তনকারী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কড়া অর্থনৈতিক সংস্কারের ধাক্কায় কাঁপছে আর্জেন্টিনা। উচ্চশিক্ষা খাতে ব্যয় হ্রাসের প্রতিবাদে বুয়েনস আইরেসে পার্লামেন্টের বাইরে লাখো শিক্ষার্থী, কর্মী ও ট্রেড ইউনিয়ন সদস্যরা বিক্ষোভ করেছেন। আদালতের আদেশের পরও সরকারের বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থ বরাদ্দ না করার জেদ আর্জেন্টিনাকে এক দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

তুরস্কে মূল্যস্ফীতি ও অপর্যাপ্ত পেনশনের কারণে অবসরপ্রাপ্ত প্রবীণদের বিক্ষোভ এক ট্রাজিক রূপ নিয়েছে। আঙ্কারায় সাংবিধানিক আদালতের বাইরে ৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলী সেকেরোগলু নিজের আর্থিক কষ্ট ও দুই বেকার ছেলের কথা বলতে বলতে নিজের ওপর গুলি চালিয়ে আত্মাহুতি দেন। এই ঘটনা প্রমাণ করে যে, মধ্যবিত্ত ও প্রবীণরা অর্থনৈতিকভাবে কতটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

অর্থনৈতিক সংকটের বাইরে রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে অসন্তোষ দেখা গেছে ভারত ও যুক্তরাষ্ট্রে। ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কার্যক্রমে কথিত অনিয়মের অভিযোগে বিরোধী দল ও নতুন ব্যঙ্গাত্মক দল ‘কক্রোচ জনতা পার্টি (সিজেপি)’ আন্দোলনে নেমেছে, যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে।

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট নিশ্চিত করতে এবং ট্রাম্পের প্রেসিডেন্সির বিরোধিতায় দেশজুড়ে ‘নো কিংস নেটওয়ার্ক’-এর ব্যানারে বড় ধরণের রাজনৈতিক সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন