EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হুথি হামলার মুখে সৌদির পাশে দাঁড়াল মিশর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

হুথি হামলার মুখে সৌদির পাশে দাঁড়াল মিশর
অ অ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে অনুষ্ঠিত দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, সৌদি আরবের ভূখণ্ডগত অখণ্ডতা, সম্পদ ও ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষায় কায়রো পুরোপুরি রিয়াদের পাশে আছে। একই সঙ্গে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে।

ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথিরা আবার লড়াই শুরু করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে বিদ্রোহীরা।

এ পরিস্থিতিতে সৌদি রাজা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সিসি। সৌদি আরবের যেকোনো প্রতিরক্ষা সহায়তার অনুরোধ অনুমোদনের বিশেষ ক্ষমতা প্রেসিডেন্টকে দিতে জরুরি সংসদীয় অধিবেশনও ডাকা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের নৌপথ ও নিজেদের নিরাপত্তা সুরক্ষায় রিয়াদ মিত্র খুঁজছে। মিশরের সুয়েজ খালের রাজস্ব আয় এ সমুদ্রপথের ট্রাফিকের ওপর সরাসরি নির্ভরশীল। লোহিত সাগরে ইরান বা তাদের মিত্রদের নিয়ন্ত্রণ ঠেকাতে মিশর সব সময় তৎপর।

এর আগে গত মাসের বৈঠকেও সৌদি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে মিশরের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছিল কায়রো। এদিকে সৌদি আরব হুথিদের হামলায় উসকানি দেওয়ার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন