EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারে পাকিস্তানের নিষেধাজ্ঞা বহাল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারে পাকিস্তানের নিষেধাজ্ঞা বহাল

ছবি: সংগৃহীত

অ অ

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। ২০২৫ সালের এপ্রিলে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে জারি করা এ নিষেধাজ্ঞা নতুন নোটিশের মাধ্যমে আরও বাড়ানো হলো।

শনিবার (১৭ অক্টোবর) জারি করা নোটিশ টু এয়ারমেনের (নোটাম) মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলেছিল ভারত, তবে তা অস্বীকার করে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানায় ইসলামাবাদ।

পাকিস্তানের সিদ্ধান্তের জবাবে ২০২৫ সালের ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে ভারতও।


গত বছরের ৬ ও ৭ মে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র হয়। ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালালে পাল্টা অভিযান শুরু করে পাকিস্তান। পরে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় বিমান সংস্থাগুলো তুলনামূলক বেশি আর্থিক ও পরিচালনগত ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, পাকিস্তানের বিমান পরিবহন খাতে এর প্রভাব তুলনামূলক কম।

এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত ও ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন