ইয়েমেনে হুথিদের হামলায় সেনা-বেসামরিকসহ নিহত ১১
এ ছাড়া তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
ছবি: সংগৃহীত
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের সঙ্গে লড়াইয়ে আট সেনা নিহত হয়েছেন। এ ছাড়া তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ইয়েমেনের সেনাবাহিনী লাহিজে আট সেনা নিহত হওয়ার খবর জানায়। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ সামরিক অক্ষের এক বিবৃতিতে বলা হয়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ ফ্রন্টে ওই সেনারা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হুথিরাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এর আগে শনিবার তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে হুথিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন বলে জানিয়েছে দেশটির একটি সরকারি দপ্তর।
গত জুলাইয়ে শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই এসব প্রাণহানির ঘটনা ঘটল। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই সময়ের পর এটিকে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এই সংঘাতে দেশটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে।
সূত্র: আনাদোলু
