EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

দুর্গাপূজার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল, কলকাতায় পদদলনে নিহত ২০

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ এএম

দুর্গাপূজার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল, কলকাতায় পদদলনে নিহত ২০

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরে বাগান সর্বজনীন পূজামণ্ডপে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির মধ্যে পূজামণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথে হুড়োহুড়ির সৃষ্টি হয়। একপর্যায়ে পদদলনের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৩৫ জনকে হাসপাতালে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল ও চিকিৎসকদের দল মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘চোরে বাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে তাদের পরিবারের সদস্যদের শক্তি ও সাহসের জন্য প্রার্থনা করছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, পদদলনের সময় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের মধ্যে কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ খুব সরু ছিল। ওই এলাকায় আলোর ব্যবস্থাও ছিল না। আমার মেয়ে ও নাতনি হাসপাতালে ভর্তি।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন