EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪
অ অ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা প্রায় ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিদ্যালয়ের ভেতরে গুলিবিদ্ধ হয়ে হামলাকারীর মৃত্যু হয়। কে তাকে গুলি করেছেন, তা এখনো জানা যায়নি। তবে বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার জানিয়েছেন, ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত কোনো সাধারণ মানুষও হতে পারেন।

পুলিশ জানায়, অন্তত দুজনকে চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে ৯১১ নম্বরে ফোন করে একটি গাড়িতে গুলির খবর জানানো হয়। এর কিছুক্ষণ পর একাধিক ফোনকলে সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে গুলির খবর আসে। পরে বিদ্যালয়টিতে নিরাপত্তাজনিত অবরুদ্ধ অবস্থা জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে দেয় পুলিশ।

এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্তে সহায়তা করছেন।

সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, গান ভায়োলেন্স আর্কাইভ, এডুকেশন উইক ও এভরিটাউন ফর গান সেফটির তথ্যের ভিত্তিতে চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত ৫২টি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। সিলভার রেইল এলিমেন্টারি স্কুলের ঘটনাটি কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে চলতি বছরের ৩৬তম গুলির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন