পাকিস্তানে স্কুলের ছাদ ধসে পড়ার ঘটনায় তদন্ত শুরু
পুলিশের দাবি, ‘ভবনটি শিশুদের ভার সইতে পারেনি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
পেশোয়ারে ধসে পড়া স্কুলের তিন শ্রেণিকক্ষে ছিল ১০০ শিক্ষার্থী। ছবি: বিবিসি
পাকিস্তানের পেশোয়ারে স্কুল ভবন ধসে পড়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কমিটির নেতৃত্বে আছেন বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান জাভেদ ইকবাল।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি পেশোয়ারের দির কলোনিতে শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ার পেছনের ঘটনা ও পরিস্থিতি খতিয়ে দেখবে। ঘটনার কারণ নির্ধারণ করা হবে। এর পেছনে কোনো অবহেলা, নির্মাণত্রুটি বা অন্য কোনো কারণ ছিল কি না, তাও নিশ্চিত করবে কমিটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে তারা সুপারিশমালাও তৈরি করবে।
পেশোয়ারের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ভবনটি শিক্ষার্থীদের ওজন সহ্য করতে না পেরে ধসে পড়েছে। জ্যেষ্ঠ পুলিশ সুপার (অপারেশনস) ফারহান আহমেদ জানান, দির কলোনির আল-খায়ের স্কুলটি খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল।
পুলিশের ধারণা, স্কুলটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়ত। ধসে পড়া তিনটি শ্রেণিকক্ষে তখন প্রায় ১০০ শিক্ষার্থী উপস্থিত ছিল।
ফারহান আহমেদ আরও জানান, ভবনটি এর আগে কখনো পরিদর্শন করা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখবে পুলিশ।