মমতা ব্যানার্জীর ওপর ছুরি দিয়ে হামলার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ এএম
মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীকে কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক মাদকাসক্ত নারীর ছুরি নিয়ে অতর্কিত হামলার চেষ্টা পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি করেছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সন্দেহভাজন নারীকে আটক করে।
ইন্ডিয়া টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার কালীঘাট থানায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩ ধারার অধীনে একটি আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী সাংসদ দোলা সেন। লিখিত অভিযোগের পাশাপাশি ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবিও প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন শেষে মমতা ব্যানার্জীর বাড়ি ফেরার পথে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কড়া পুলিশি পাহারা এড়িয়ে তনিষ্ঠা সাহা নামের অভিযুক্ত ওই নারী মদ্যপ অবস্থায় ভিআইপি জোনের মূল ফটকে পৌঁছে যান।
সেখানে উপস্থিত কর্তব্যরত কর্মীদের বিভ্রান্ত করতে নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘আত্মীয়’ বলে দাবি করেন তিনি।
একপর্যায়ে আকস্মিকভাবেই ওই নারী তার ব্যাগে থাকা ছুরি বের করে তীব্র গতিতে মমতা ব্যানার্জীর দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন।
এসময় মুখে অনবরত অশালীন মন্তব্য করতে থাকা ওই হামলাকারীকে আটকাতে যায়। সেখানে উপস্থিত তৃণমূল কর্মী ও নিরাপত্তারক্ষীদের সাথে তার তুমুল ধস্তাধস্তি ও হাতাহাতি হয়।
সাংসদ দোলা সেন তাঁর অভিযোগে প্রশ্ন তুলেছেন, সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী থাকার পরও একজন সশস্ত্র ও বিশৃঙ্খলাকারী ব্যক্তি কীভাবে ভিআইপি বাসভবনের এত কাছাকাছি পৌঁছাতে পারলো।
দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনা কোনো আকস্মিক বিষয় নয়, এর পেছনে কোনো মহলের সুনির্দিষ্ট প্ররোচনা বা ষড়যন্ত্র রয়েছে যা তদন্তের মাধ্যমে উন্মোচিত হওয়া জরুরি।
হাই প্রোফাইলের এই মামলার তদন্তভার হাতে নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে লালবাজার ও স্থানীয় গোয়েন্দা বিভাগ । পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং দোলা সেনের জমা দেওয়া ভিডিও বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে।
আটক নারীর মানসিক অবস্থা পরীক্ষা করার পাশাপাশি ওই দিন ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের কোনো গাফিলতি ছিল কি না, তাও বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে