এডেন উপসাগরে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৮৪
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ জিবুতির উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৮৪ জন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
রবিবার (১১ অক্টোবর) জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের বরাতে আইওএম জানায়, জিবুতির পূর্ব উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এডেন উপসাগরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
তিন শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই ইথিওপিয়ার নাগরিক। জিবুতির উদ্ধারকারী দল এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।
আইওএমের জিবুতি মিশনের প্রধান আলেকজান্ডার কোয়াক এ মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের দল দুর্ঘটনাস্থলে জরুরি সহায়তা দিচ্ছে।
বার্তা সংস্থা এপিকে আলেকজান্ডার কোয়াক জানান, এখন পর্যন্ত জিবুতির কর্তৃপক্ষ যেসব মরদেহ দাফন করেছে, শুধু সেগুলোর সংখ্যাই নিশ্চিত করা গেছে। এ ছাড়া অভিবাসীরা নিজেরাই অনেক মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ সেসব মরদেহের তথ্য যাচাই না করা পর্যন্ত সেগুলো আনুষ্ঠানিক হিসাবের অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি সংকীর্ণতম স্থানে মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত। হর্ন অব আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী নিয়মিত এই পথ পাড়ি দিয়ে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন।
উপসাগরীয় দেশগুলোতে কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক পথ বেছে নেন। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও এ পথে অভিবাসীদের যাতায়াত অব্যাহত রয়েছে।
আইওএম জানায়, গত ১০ সেপ্টেম্বরের পর ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের প্রবেশের তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি। তাদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এই পথ ব্যবহার করে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
সূত্র: আল জাজিরা